Viral Video

জ্যান্ত অজগর, কিং স্নেক, গ্রিন স্নেক নিয়ে সাপ-সিঁড়ির খেলা, নিজেরাই গুটি হলেন পাঁচ তরুণ! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বদ্ধ কামরার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন চার তরুণ। এক জন মেঝেতে বসে। সেই মেঝেতেই সাপ-সিঁড়ি খেলার বিশাল ছক কাটা। জায়গায় জায়গায় সাপ এবং সিঁড়ি রাখা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৫:৩৬
Video shows five youth playing snakes and ladders with real snakes

জ্যান্ত সাপ নিয়ে খেলায় মেতে তরুণের দল। ছবি: ইনস্টাগ্রাম।

ঘরের মধ্যে মেঝেতে ছক কেটে সাপ-সিঁড়ি খেলা খেলছেন পাঁচ তরুণ। তবে ঘরে ঘরে বসানো রয়েছে অজগর, কিং স্নেক, গ্রিন স্নেকের মতো জ্যান্ত সাপ। সিঁড়িগুলিও আসল। আর সেই আসল সাপ এবং সিঁড়ি নিয়েই খেলায় মেতেছে ওই পাঁচ জন। চাঞ্চল্যকর সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বদ্ধ কামরার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন চার তরুণ। এক জন মেঝেতে বসে। সেই মেঝেতেই সাপ-সিঁড়ি খেলার বিশাল ছক কাটা। জায়গায় জায়গায় সাপ এবং সিঁড়ি রাখা। তবে আশ্চর্যের বিষয় হল সব সাপই জ্যান্ত। সিঁড়িগুলিও আসল। আর তাদের নিয়েই খেলে যাচ্ছেন পাঁচ তরুণ। নিজেদের মধ্যে ঠাট্টা-তামাশা করছেন। নিজেদের গুটি হিসাবে ব্যবহার করছেন। সাপ-সিঁড়ির ছকে যে সাপগুলি দেখা যাচ্ছে, তাদের মধ্যে রয়েছে কিং স্নেক, ময়াল এবং গ্রিন স্নেকের মতো সাপ। এক বার অজগরটিকে এক তরুণের দিকে তেড়েও আসতে দেখা যায়। তবে তার পরেও ভয় না পেয়ে মজা করতে থাকেন পাঁচ তরুণ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কাংডেন কেবনরেপটাইল’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। নেটাগরিকদের একাংশকে উদ্বেগও প্রকাশ করতে দেখা গিয়েছে ভিডিয়োটি দেখার পর। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এটা পাগলামি। বাহাদুরি দেখাতে গিয়ে প্রাণ পর্যন্ত যেতে পারে।’’ অন্য এক জন লিখেছে, ‘‘সাপ খেলার জিনিস নয়। ভয়ঙ্কর সাপটি মুহূর্তে ঘাতক হয়ে উঠতে পারে।’’ তৃতীয় এক জন লিখেছেন, ‘‘এ তো সাক্ষাৎ মৃত্যুর খেলা।’’

Advertisement
আরও পড়ুন