Viral Video

বিশাল সাপের লেজ ধরে ঘোরাচ্ছিলেন তরুণ! সুযোগ পেয়ে সর্বশক্তিতে তেড়ে এল সে, তার পর... ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়িলাগোয়া জঙ্গলে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। এক হাতে একটি বিশাল সাপের লেজ ধরে রেখেছেন তিনি। হঠাৎই ভয়ঙ্কর সাপটির লেজ ধরে বনবন করে ঘোরাতে শুরু করেন তরুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৯:০৫
Video shows man playing with snake in a bizarre way

বিশাল সাপের লেজ ধরে কেরামতি তরুণের। ছবি: ইনস্টাগ্রাম।

জঙ্গলের মধ্যে বিশাল সাপের লেজ ধরে বনবন করে ঘোরাচ্ছেন তরুণ। সাপটি তেড়ে এলেই আবার সরে যাচ্ছেন। আবার একই কাজ করছেন। সাপটি বার বার কামড়ানোর জন্য তেড়ে এলেও নাগাল পাচ্ছে না তরুণের। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সাপ পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর প্রাণী। সাপকে সামনাসামনি দেখলে যে কারও আত্মারাম খাঁচাছাড়া হওয়ার উপক্রম হবে। কিন্তু ওই তরুণ সাপটির সঙ্গে যা করলেন, তা দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটাগরিকেরা। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ি লাগোয়া জঙ্গলে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। এক হাতে একটি বিশাল সাপের লেজ ধরে রেখেছেন তিনি। হঠাৎই ভয়ঙ্কর সাপটির লেজ ধরে বনবন করে ঘোরাতে শুরু করেন তরুণ। সাপটিও সুযোগ পেয়েই তেড়ে যায় তরুণের দিকে। কিন্তু তিনি সরে যান। আবার ঘোরাতে শুরু করেন সাপটিকে। আবার তেড়ে যায় সাপটি। কিন্তু তরুণ মোক্ষম সময়ে সরে যাওয়ায় সাপটি বার বার লক্ষ্যভ্রষ্ট হয়। কিছু ক্ষণ পর সাপটির লেজ ছেড়ে দেন তরুণ। সঙ্গে সঙ্গে পালিয়ে যায় ভয়ঙ্কর সাপটি। অন্য দিকে, যুবক হাসতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ওই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এডো_জাম্পাং১১৭’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। উদ্বেগ এবং বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এক ছোবলেই ছবি হয়ে যেতেন তরুণ। ভাগ্য ভাল বেঁচে গিয়েছেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘কী ভয়ঙ্কর! সাপকে নিয়ে খেলতে নেই। ফল খারাপ হতে পারে।’’ তৃতীয় জন আবার লিখেছেন, ‘‘এটা মনে হয় দাঁড়াশ। শঙ্খচূড় বা ব্ল্যাক মাম্বা হলে টের পেতেন।’’

Advertisement
আরও পড়ুন