Viral Video

মাঝরাস্তায় উল্টে গেল ঠান্ডা পানীয়ের ট্রাক, সাহায্য করার বদলে স্থানীয়েরা চালালেন লুট! ভিডিয়ো ভাইরাল

ঠান্ডা পানীয়ের বোতল লুট করতে গিয়ে ধাক্কা খেয়ে কেউ কেউ রাস্তায় পড়েও গিয়েছেন। তবুও তাঁদের সকলের মুখে জয়ের হাসি। বিনামূল্যে এত ঠান্ডা পানীয়ের বোতল হস্তগত করতে পেরেছেন বলে আনন্দ ধরে রাখতে পারছেন না তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১৫:১৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

এক সহকারীকে নিয়ে ঠান্ডা পানীয়ভর্তি ট্রাক চালিয়ে নিয়ে যাচ্ছিলেন চালক। মাঝরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পানীয়ভর্তি ট্রাকটি উল্টে যায়। দেখে ঘটনাস্থলে ছুটে যান প্রত্যক্ষদর্শীরা। কিন্তু সাহায্যের হাত না বাড়িয়ে লুটতরাজ শুরু করেন তাঁরা। ‘ডাকাতি’র সুযোগ পেয়ে একসঙ্গে কেউ কেউ ১০-১২টা বোতল নিয়েও পালিয়ে গেলেন। চালক এবং তাঁর সহকারীর শত অনুরোধেও কেউ কান দেননি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘দ্য স্কিন ডক্টর’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মাঝরাস্তায় ঠান্ডা পানীয়ভর্তি ট্রাক উল্টে পড়েছে। চারদিকে ঠান্ডা পানীয়ের প্লাস্টিকের বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

লোকজন সেই উল্টে পড়া ট্রাকের উপর হুমড়ি খেয়ে পড়ছেন। কেউ একসঙ্গে ১০-১২টা বোতল তুলে নিয়ে পালাচ্ছেন। কেউ আবার এক পেটি তুলে নিয়ে দৌড় দিচ্ছেন। ঠান্ডা পানীয়ের বোতল লুট করতে গিয়ে ধাক্কা খেয়ে কেউ কেউ রাস্তায় পড়েও যাচ্ছেন। তবুও তাঁদের সকলের মুখে জয়ীর হাসি।

বিনামূল্যে এত ঠান্ডা পানীয়ের বোতল হস্তগত করতে পেরেছেন বলে আনন্দ ধরে রাখতে পারছেন না তাঁরা। ট্রাকচালক এবং তাঁর সহকারী সেখানে উপস্থিত ছিলেন। পানীয়ের বোতল না নিয়ে যাওয়ার জন্য সকলকে অনুরোধ করতে থাকেন তাঁরা। কিন্তু কে শোনে কার কথা! শেষ পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ায় ঠান্ডা পানীয়ের বোতলের ‘ডাকাতি’ বন্ধ হয়।

মাঝরাস্তা থেকে ট্রাকটি সরিয়ে বোতলগুলিকেও সরানোর ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে, সম্প্রতি এই ঘটনাটি অন্ধ্রপ্রদেশের নেলোর জেলায় ঘটেছে। ভিডিয়োটি দেখে ক্ষোভ প্রকাশ করে এক নেটাগরিক লিখেছেন, ‘‘সাহায্যের জন্য কেউ এগিয়ে গেলেন না। সুযোগ দেখে বোতল চুরি করে নিয়ে গেলেন সকলে। কী করে লোকজন এতটা অমানবিক হতে পারেন, ভগবান জানেন!’’

Advertisement
আরও পড়ুন