Viral Video

বিনা টিকিটে ট্রেনসফর, ধরা পড়লেন হাতেনাতে, জরিমানার কথা উঠতেই ‘ঘোড়দৌড়’ তরুণের! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, স্টেশন চত্বরে এক টিকিটবিহীন তরুণ যাত্রীকে ধরেছেন টিকিট পরীক্ষক। তরুণ যাত্রীকে ধরে জরিমানার খাতা বার করে জরিমানার বিষয়টি বোঝাতে শুরু করেন তিনি। তরুণও প্রথমে চুপচাপ সব শুনছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১২:৪২
Video shows ticketless youth ran away after TC catches him

ছবি: ইনস্টাগ্রাম।

রেলস্টেশনে টিকিট পরীক্ষক বা টিসিকে যাত্রীদের কাছে টিকিট রয়েছে কি না, তা যাচাই করতে অনেকেই দেখেছেন। টিকিট ছাড়া ট্রেন থেকে নামা বা প্ল্যাটফর্ম টিকিট ছাড়া স্টেশনে প্রবেশ করা যাত্রীদের ধরে জরিমানা করেন টিসি। তবে কিছু যাত্রী ধুরন্ধর সেই রেলকর্মীদেরও বোকা বানাতে পটু হন। সম্প্রতি সমাজমাধ্যমে সে রকমই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সেই ভিডিয়োয় প্ল্যাটফর্মে টিকিটবিহীন এক যাত্রী ধরা পড়ার পর কী কাণ্ড ঘটিয়েছেন, সেই দৃশ্য ধরা পড়েছে। হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, স্টেশন চত্বরে এক টিকিটবিহীন তরুণ যাত্রীকে ধরেছেন টিকিট পরীক্ষক। তরুণ যাত্রীকে ধরে জরিমানার খাতা বার করে জরিমানার বিষয়টি বোঝাতে শুরু করেন তিনি। তরুণও প্রথমে চুপচাপ সব শুনছিলেন। মাথা নাড়ছিলেন বাধ্য ছেলের মতো। তবে এর মধ্যেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। টিসি অন্যমনস্ক হতেই মোটা অঙ্কের জরিমানার ভয়ে দৌড় দেন তরুণ। এক দৌড়ে টিসির হাতের নাগালের বাইরে চলে যান। কিছুটা দৌড়োনোর পর যাত্রী যেন হাওয়ায় মিলিয়ে যান। ধরতে পারবেন না জেনে টিসি ওই যাত্রীর বিষয়ে বিশেষ কোনও প্রতিক্রিয়া দেখাননি। নীরবে যাত্রীকে চলে যেতে দেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। মজার প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটাগরিকেরা।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অঘোরী০৯’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। হাসির বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আমিও এক বার পালিয়েছিলাম। কিন্তু ধরা পড়ে গিয়েছিলাম।’’

Advertisement
আরও পড়ুন