SIR in West Bengal

পরিবর্তিত সূচি: ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবাংলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ! শুনানির কাজ শেষ করা হবে শনিবারের মধ্যে

সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছিল সোমবারই। এ বার সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৯
Final voter list of SIR process to be published on February 28 in West Benghal

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে এসআইআর-পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। মঙ্গলবার এসআইআরের নতুন সূচি প্রকাশ করে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল দিল্লির নির্বাচন সদনে গিয়ে বৈঠক করার পরেই ওই নির্দেশিকা প্রকাশিত হয়।

Advertisement

সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআরের সময়সীমা বেড়েছে। স্ক্রুটিনির জন্য সাত দিন সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছে শীর্ষ আদালত। সেই সঙ্গে জানানো হয়েছে, ইআরও-রা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সুপ্রিম কোর্টের ওই নির্দেশের জেরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছিল সোমবারই। এ বার সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। এর আগে শুনানির সময়সীমা বৃদ্ধি চেয়ে আগেই কমিশনকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ।

ইআরও এবং এইআরও-রা যাতে নথি যাচাই সম্পূর্ণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন, সেই কারণেই এই বাড়তি সময় দেওয়া হবে বলে জানিয়ে সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, মাইক্রো অবজারভারদের এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া কোনও অধিকার নেই। কমিশন সূত্রের খবর, স্ক্রুটিনির জন্য সাত দিন বাড়তি সময় দেওয়া হলে শুনানি (হিয়ারিং) শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। তার পর সাত দিন অর্থাৎ ২১ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত চলবে স্ক্রুটিনি। ফলে কমিশনের আগেকার ঘোষণা অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা থাকলেও তা অন্তত ২১ তারিখ পর্যন্ত পিছিয়ে যেত এমনিতেই। কমিশনের তরফে তা আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে। এর আগে পূর্বসূচিতে কমিশনের ঘোষণা অনুযায়ী, গত শনিবার, ৭ ফেব্রুয়ারি ছিল এসআইআরের শুনানির শেষ দিন। আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ছিল।

Advertisement
আরও পড়ুন