West Bengal Assembly Election 2026

বুধে পা ফেলতে পারে বামফ্রন্ট এবং আইএসএফের ভোট-জোট! বিমানের সঙ্গে বৈঠকের শেষে আর কী কী জানালেন নওশাদ

ভাঙড়ের বিধায়ক আরও বলেন, ‘‘বামেদের পক্ষে তাদের চেয়ারম্যান বিমানস্যর এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলছেন। তিনি বুধবার আবার আমাকে বৈঠকে আসতে বলেছেন। সেই দিন আসন সংক্রান্ত বিষয় সবকিছু চূড়ান্ত হবে।’’

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১০
ISF Chairman Naushad Siddiqui informed that adjustment of seats in assembly polls with Left Front is on the way to finalization

(বাঁ দিকে) বিমান বসু, নওশাদ সিদ্দিকী (ডান দিকে)। —ফাইল চিত্র।

বামফ্রন্টের সঙ্গে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) জোটের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বুধবার। মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে বৈঠকশেষে এমনটাই জানিয়েছেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। মঙ্গলবার দুপুরে রাজ্য সিপিএমের সদর কার্যালয় মুজফ্‌ফর আহমেদ ভবনে যান তিনি। সেখানেই আগামী বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট এবং আইএসএফের মধ্যে আসন সমঝোতার বিষয় নিয়ে প্রায় দেড় ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা হয় দুই নেতার মধ্যে। বৈঠকশেষে বেরিয়ে নওশাদ জানান, বুধবার ফের বৈঠক হবে বামফ্রন্ট চেয়ারম্যানের সঙ্গে, ওই দিনই দু’পক্ষের জোটের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যাবে।

Advertisement

ভাঙড়ের বিধায়ক বলেন, ‘‘জোট নিয়ে সিদ্ধান্ত নিতে আমরা বৈঠকে বসেছিলাম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামিকাল হবে। জেলাভিত্তিক এবং লোকসভাভিত্তিক আলোচনা হচ্ছে। লোকসভাভিত্তিক কারা কোন জায়গায় দাঁড়ালে ভাল হয়। কী ভাবে মোবিলাইজ় করা যায়। এ সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘বামেদের পক্ষে তাদের চেয়ারম্যান বিমানস্যর এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলছেন। তিনি বুধবার আবার আমাকে বৈঠকে আসতে বলেছেন। সেই দিন আসন সংক্রান্ত বিষয় সবকিছু চূড়ান্ত হবে।’’ স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে এ বারের বিধানসভা নির্বাচনে কতগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বামফ্রন্টের কাছে আবেদন জানিয়েছে আইএসএফ? এমন প্রশ্নের জবাবে নওশাদ বলেন, ‘‘আসনসংখ্যা এখন আলোচনার পর্যায়ে রয়েছে। যখন চূড়ান্ত হবে, তখন জানা যাবে আমরা কত আসন দাবি করেছিলাম। আর কোন জায়গায় এসে দাঁড়ালাম।’’

বেশ কিছু আসনে যেমন ইতিমধ্যে জোটের বিষয় ঐকমত্য তৈরি হয়ে গিয়েছে, আবার একাধিক আসন নিয়ে টানাটানি অব্যাহত। এ কথা স্বীকার করে নিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়কও। তিনি বলেন, ‘‘বেশ কিছু আসনের ক্ষেত্রে আমরা অনড় রয়েছি, আবার এমন কিছু আসন রয়েছে যে ক্ষেত্রে বামেরাও অনড় রয়েছে। কয়েকটি আসন নিয়ে আমরা কোনও ভাবেই সমঝোতা করতে পারব না, তা তাদের জানিয়েছি।’’ উদাহরণস্বরূপ, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা আসনে আইএসএফ যেমন প্রার্থী দিয়েছিল, তেমনই বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লকও প্রার্থী দিয়েছিল। এ বার তেমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেই দাবি করেছেন নওশাদ। অন্য দিকে, এই জোটে বামফ্রন্ট এবং আইএসএফ ছাড়া আরও কিছু রাজনৈতিক ও সামাজিক শক্তিকে শামিল করার ইঙ্গিত দিয়েছেন ফুরফুরা শরিফের এই পিরজ়াদা।

জোটে শামিল হতে চেয়ে বেশ কিছু রাজনৈতিক দল আইএসএফের কাছে আবেদন জানিয়েছিল বলেও দাবি করেছেন নওশাদ। সব ক্ষেত্রেই সেই দলগুলিকে বামফ্রন্ট চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন তাঁরা। প্রসঙ্গত, গত বছর জোটের প্রস্তাব নিয়ে আলোচনা করতে বামফ্রন্ট চেয়ারম্যানকে চিঠি দিয়েছিলেন নওশাদ। সেই পরিপ্রেক্ষিতেই জোটের আলোচনা শুরু হয়। যদি ওই একই চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকেও পাঠিয়েছিলেন তিনি। সে ক্ষেত্রে কোনও উত্তর না আসায় বামফ্রন্টের সঙ্গে জোটের আলোচনা শুরু করে আইএসএফ। ২০২১ সালের নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে জোট করে সংযুক্ত মোর্চার নাম দিয়ে ভোটে লড়াই করেছিল আইএসএফ। সেই লড়াইয়ে তাদের পক্ষে একমাত্র জয় পেয়েছিলেন নওশাদ। কিন্তু এ বার কংগ্রেস একক ভাবে লড়াই করবে বলে জানিয়ে দিয়েছে। তাই বামফ্রন্ট ও আইএসএফ একযোগে দ্রুত আসন সমঝোতা সেরে ফেলে ভোটের ময়দানে নামতে চাইছে। আইএসএফ সূত্রে খবর, তারা ৫০টি আসনে লড়াই করতে চেয়ে আবেদন জানিয়েছে বামফ্রন্ট চেয়ারম্যানের কাছে। এ ক্ষেত্রে কতগুলি আসনে তারা লড়াই করবে, এই বিষয়টি জানা যেতে পারে বুধবার।

Advertisement
আরও পড়ুন