Annapurna Yojana Row

‘বেছে বেছে তৃণমূলকে অন্নপূর্ণার টাকা পাইয়ে দিচ্ছেন’! বিডিও অফিসে ‘হানা’ বিধায়ক চন্দনার, দিলীপের কাছে আর্জি

বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির দাবি, সংশ্লিষ্ট বিডিও অফিসে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটরেরা তৃণমূলের সঙ্গে সরাসরি যুক্ত। তাঁরা বেছে বেছে তৃণমূলের সঙ্গে যুক্ত আবেদনকারীদের অন্নপূর্ণা যোজনার সুবিধা পাইয়ে দিচ্ছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৬:০০
Chandana Bauri

বিডিও অফিসে বিধায়ক চন্দনা বাউড়ি। —নিজস্ব চিত্র।

বিডিও অফিসের ডেটাএন্ট্রি অপারেটরেরা তৃণমূলের সঙ্গে যুক্ত মহিলাদের অন্নপূর্ণা যোজনার সুবিধা পাইয়ে দিচ্ছেন। বিজেপি সরকারের দেওয়া আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন বিজেপির মহিলা কর্মী এবং সমর্থকেরা। এমনই গুরুতর অভিযোগ করে মেজিয়া বিডিও অফিসে ‘হানা’ দিয়েছিলেন বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি। সেখানে ডেটা এন্ট্রি অপারেটরদের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি মন্ত্রী দিলীপ ঘোষের কাছে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানাচ্ছেন চন্দনা। বিজেপি বিধায়কের অভিযোগ ঘিরে শোরগোল এলাকায়।

Advertisement

শনিবার হঠাৎ বাঁকুড়ার মেজিয়া বিডিও অফিসে হাজির হয়েছিলেন শালতোড়ার বিধায়ক চন্দনা। অন্নপূর্ণা যোজনায় প্রকৃত প্রাপকদের একটা বড় অংশ কেন আবেদনের পরেও প্রকল্পের সুবিধা পাননি তা বিডিও অফিসের ডেটা এন্ট্রি অপারেটরদের কাছে জানতে চান। তাঁদের উদ্দেশে বিধায়ক বলেন, ‘‘তৃণমূল কর্মীদের পরিবারের আবেদনকারীদের বেছে বেছে প্রকল্পের টাকা পাইয়ে দেওয়া হচ্ছে। বহু তফসিলি জাতি এবং জনজাতির মহিলা আবেদনের পরেও টাকা পাননি।’’ বিধায়কের সংযোজন, ‘‘এই টাকা তৃণমূলের টাকা নয়। সাধারণ মানুষের করের টাকা। তাই কে কোন রাজনৈতিক দল করেন, তা না দেখে নিরপেক্ষ ভাবে কাজ করুন। আর দালালি করার ইচ্ছে থাকলে বিডিও অফিসে বসে নয়, আপনারা রাস্তার ধারে বসে দালালি করুন।’’

পরে চন্দনা আরও অভিযোগ করেছেন। তাঁর দাবি, সংশ্লিষ্ট বিডিও অফিসে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটরেরা তৃণমূলের সঙ্গে সরাসরি যুক্ত। তাঁরা বেছে বেছে তৃণমূলের সঙ্গে যুক্ত আবেদনকারীদের অন্নপূর্ণা যোজনার সুবিধা পাইয়ে দিচ্ছেন। চন্দনা এ-ও বলেন, ‘‘রাজ্য সরকার রাজনৈতিক নিরপেক্ষতার সঙ্গে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা করছেন কয়েক জন।’’

বিজেপি বিধায়ক জানিয়েছেন, সম্প্রতি বেশ কিছু অভিযোগ পেয়ে তিনি বিডিও অফিসে আগাম না জানিয়ে চলে গিয়েছিলেন। এবং অভিযোগের ভিত্তি রয়েছে বলেই দাবি তাঁর। তিনি বলেন, ‘‘সাধারণ মানুষ বারংবার ফোন করে আমাদের জানাচ্ছেন যে অন্নপূর্ণা যোজনার টাকা তাঁরা পাচ্ছেন না। আমি নিজে মেজিয়া বিডিও অফিসে গিয়ে দেখেছি, সেখানে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটরেরা তৃণমূলের সঙ্গে সরাসরি যুক্ত। বিজেপি কর্মী এমনকি, সাধারণ মানুষকে বাদ দিয়ে তাঁরা প্রকল্পের সুবিধা দিচ্ছেন তৃণমূল পরিবারগুলিকে। আমি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষকে এ বিষয়ে পদক্ষেপ করতে আর্জি জানাব।’’

Advertisement
আরও পড়ুন