West Bengal Weather Update

আর ঝড়বৃষ্টি নয়, এ বার বাড়বে গরম! দক্ষিণবঙ্গে সাত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস, পাঁচ জেলায় জারি সতর্কতা

চৈত্রের শুরুতে কালবৈশাখীর যে দাপট দেখা গিয়েছিল, আপাতত আর তার সম্ভাবনা নেই। রাজ্যে এ বার ধীরে ধীরে বাড়বে গরম। পাঁচটি জেলায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করে দিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১০:৪৯
কলকাতায় ধীরে ধীরে গরম বাড়বে।

কলকাতায় ধীরে ধীরে গরম বাড়বে। —ফাইল চিত্র।

ঝড়বৃষ্টি অতীত। রাজ্যে এ বার ধীরে ধীরে বাড়বে গরম। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যে পাঁচটি জেলায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করে দিয়েছে। চৈত্রের শুরুতে কালবৈশাখীর যে দাপট দেখা গিয়েছিল, আপাতত আর তার সম্ভাবনা নেই।

Advertisement

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুকনো ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই অন্তত সোমবার পর্যন্ত। সোমবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের পাঁচ জেলায় গরমের সতর্কতা জারি করা হয়েছে। সেই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। তবে একই সঙ্গে এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার সেই সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রায় তেমন কোনও হেরফের হবে না। তবে তার পর থেকে চার দিনে তাপমাত্রা বাড়তে পারে পাঁচ থেকে সাত ডিগ্রি পর্যন্ত। উত্তরবঙ্গে এখনও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়ে গিয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার বেগ ৩০ থেকে ৪০ কিলোমিটারের বেশি হবে না। রবিবারের পর থেকে উত্তরবঙ্গেও আর কোথাও আবহাওয়ার সতর্কতা নেই। পাঁচ থেকে সাত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে উত্তরের জেলাগুলিতেও।

শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.১ ডিগ্রি কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৮.৭ ডিগ্রি কম। সকাল থেকে শহরে কোথাও বৃষ্টি হয়নি। আবহাওয়াও রৌদ্রোজ্জ্বল। কলকাতায় ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে।

Advertisement
আরও পড়ুন