Pakistan Police

নাগরিকদের সঙ্গে সম্মান দিয়ে কথা বলুন! পুলিশকে নির্দেশ পাকিস্তানে, শিষ্টাচারের পাঠ দেওয়া হচ্ছে উর্দিধারীদের

পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর নির্দেশ, সাধারণ মানুষের সম্মান নষ্ট হয়, এমন কোনও আচরণ করা যাবে না। পুলিশকর্মীরা যা প্রায়শই সাধারণ নাগরিকদের ‘ওয়ে’ বলে সম্বোধন করেন, তা-ও প্রশাসনের নজরে এসেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৩
পাকিস্তান পুলিশ।

পাকিস্তান পুলিশ। — ফাইল চিত্র।

সাধারণ নাগরিকদের সঙ্গে ‘সম্মান দিয়ে’ কথা বলতে হবে। পাকিস্তানের প়ঞ্জাব প্রদেশের পুলিশকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময়ে তাঁদের ‘স্যর’ বা ‘ম্যাডম’ বলে সম্বোধন করতে হবে। রবিবার এই নির্দেশ দিয়েছেন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ়।

Advertisement

সম্প্রতি পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বিভিন্ন প্রান্তে পুলিশকর্মীরা সাধারণ নাগরিকদের ভয় দেখাচ্ছেন বলে বিস্তর অভিযোগ উঠেছে। এমনকি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময়ে ‘ওয়ে’ বলে তাঁদের সম্বোধন করা হচ্ছে, এমন অভিযোগও উঠেছে। সাম্প্রতিক এই অভিযোগগুলির প্রেক্ষিতে এ বার পদক্ষেপ করলেন পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম। রবিবার লাহৌরে পুলিশ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে নির্দেশও দিয়েছেন তিনি। মরিয়মের নির্দেশ, প্রতিটি থানায়, চেক পয়েন্টে এবং পুলিশের অন্য দফতরে সাধারণ নাগরিকদের ‘স্যর বা ম্যাডম’ কিংবা ‘সাহেব বা সাহিবা’ বলে সম্বোধন করতে হবে।

পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর নির্দেশ, সাধারণ মানুষের সম্মান নষ্ট হয়, এমন কোনও আচরণ করা যাবে না। পুলিশকর্মীরা যা প্রায়শই সাধারণ নাগরিকদের ‘ওয়ে’ বলে সম্বোধন করেন, তা-ও প্রশাসনের নজরে এসেছে। এই আচরণও বন্ধ করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। আধিকারিকদের জানিয়ে দেওয়া, পুলিশকর্মীরা যাতে ‘পরিণত’ আচরণ করেন, তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ করতে হবে। মরিয়ম বলেন, “পুলিশকর্মীদের বিরুদ্ধে ভয় দেখানোর প্রচুর অভিযোগ রয়েছে। তাঁদের শেখান কী ভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়, তাঁদের মধ্যে সেই মানসিকতা গড়ে তুলুন।”

পুলিশকর্মীরা টহল দেওয়ার সময়েও যাতে নাগরিকদের সঙ্গে ভদ্র ভাবে আচরণ করেন, সেই নির্দেশও দিয়েছেন মরিয়ম। এই নির্দেশিকা সঠিক ভাবে কার্যকর হচ্ছে কি না, তা নিশ্চিত করতে কর্তব্যরত সকল পুলিশকর্মীকে বডি ক্যাম অবশ্যই পরে থাকতে হবে বলে জানান তিনি।

Advertisement
আরও পড়ুন