ছবি: এআই সহায়তায় তৈরি।
সাড়ে চার বছর ধরে কাজ করার পর ছাঁটাইয়ের চিঠি জুটেছিল বেসরকারি সংস্থায় কর্মরত তরুণের। সেই ধাক্কা অবশ্য শাপে বর হয়ে দাঁড়িয়েছে তাঁর। কারণ ছাঁটাই হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই দ্বিগুণ বেতনের চাকরি পেলেন তিনি। সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন এই বেতনবৃদ্ধিতে তিনি নিজেই অবাক হয়ে গিয়েছেন। তাঁর পোস্টটি প্রচারিত হতেই তা নজর কেড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে এই পোস্ট। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
রেডিটে একটি পোস্টে ওই চাকরিজীবী লিখেছেন, তিনি প্রায় পাঁচ বছর ধরে একই প্রতিষ্ঠানে মাসে ৭০,০০০ টাকা বেতনে কাজ করছিলেন। এই ক’বছরে বিশেষ বেতনবৃদ্ধি ঘটেনি তাঁর। সম্প্রতি সংস্থাটি পুনর্গঠন প্রক্রিয়ার সময় পোস্টদাতা তাঁর চাকরিটি হারান। ফলে তিনি অন্য চাকরি খুঁজতে শুরু করেন। বর্তমানে পণ্যভিত্তিক একটি সংস্থায় কর্মরত ওই কর্মী জানান যে, চাকরিচ্যুতির ক্ষতিপূরণ নিয়ে মানবসম্পদ বিভাগের সঙ্গে তাঁর একটি বিবাদও হয়েছিল। তবে, প্রাক্তন সংস্থায় কাজের শেষ দিনেই তিনি অন্য একটি সংস্থা থেকে চাকরির প্রস্তাব পান। পোস্টে তিনি লিখেছেন, ‘‘আমি একটি সংস্থায় সাড়ে চার বছর ধরে কাজ করছি, যেখানে আমাকে ৭০ হাজার টাকা বেতন দেওয়া হয়। সম্প্রতি, পুনর্গঠনের কারণে আমাকে ছাঁটাই করা হয়েছে। আমি যখন সেই ধাক্কা সামলে উঠছিলাম, ঠিক তখনই ক্ষতিপূরণের টাকা নিয়ে এইচআর-এর সঙ্গে আমার কথা কাটাকাটি হয়।’’ তিনি নতুন যে চাকরিটি পেয়েছেন সেটিতে বাড়ি থেকে কাজ করার ছাড় রয়েছে। পোস্টদাতা জানিয়েছেন যে, তিনি এখন থেকে প্রতি মাসে ১.৫৮ লক্ষ টাকা বেতন পাচ্ছেন। তাঁর কাজটি সম্পূর্ণ বাড়ি থেকে করা যাবে। ফলে অতিরিক্ত অর্থ সাশ্রয় হবে।
পোস্টটি ভাইরাল হওয়ার পর নেটমাধ্যম ব্যবহারকারীরা ওই ব্যক্তিকে অভিনন্দন জানান এবং তাঁকে চাকরি বদলাতে থাকার পরামর্শ দিয়েছেন অনেকেই। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আনুগত্যের কোনও দাম নেই পেশাজীবনে। তাই প্রতি দু’থেকে তিন বছর অন্তর চাকরি পাল্টানো উচিত।’’ দ্বিতীয় নেটাগরিক লিখেছেন, ‘‘আমার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। আমি ৫০ হাজার পেতাম এবং চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। এখন আমি ১.১ লাখ পাচ্ছি।’’