স্বনির্ভর গোষ্ঠীর পণ্য বিক্রি হোক দিল্লিতে, প্রস্তাব মন্ত্রীকে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
উত্তরবঙ্গের স্বনির্ভর গোষ্ঠী এবং ছোট মাঝারি উদ্যোগীদের তৈরি পণ্য বিপণনের জন্য দিল্লির প্রগতি ময়দানে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন ইন্ডিয়ান ট্রেড প্রমোশন কর্তৃপক্ষ। দিল্লির প্রগতি ময়দানে রাজ্য সরকারের যে প্যাভিলিয়ন রয়েছে সেখানেই উত্তরবঙ্গের বিভিন্ন গোষ্ঠী বা সংস্থা তাদের পণ্য প্রদর্শনী এবং বিক্রির ব্যবস্থা করতে পারেন বলে সংস্থার তরফে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে প্রস্তাব দেওয়া হয়েছে। রবিবার শিলিগুড়িতে সংস্থার আয়োজিত ষষ্ঠ ইস্ট হিমালয়ান এক্সপোর উদ্বোধন করেছেন মন্ত্রী গৌতম দেব। সেই অনুষ্ঠানেই সংস্থার তরফে মন্ত্রীকে প্রস্তাব দেওয়া হয়। সংস্তার প্রস্তাবে প্রাথমিক সম্মতিও দিয়েছেন মন্ত্রী। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও মন্ত্রী জানিয়েছেন। তাঁর কথায়, “উত্তরবঙ্গের উদ্যোগীরা যদি স্থায়ী ভাবে দিল্লিতে তাঁদের পণ্য বিপণনের সুযোগ পান তা ভালই। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। তেমন হলে আমরা নিজেরাও এই উদ্যোগ নিতে পারি।”
ষষ্ঠ হিমালয়ান এক্সপো। শিলিগুড়িতে।
গৌতমবাবু জানিয়েছেন, তাঁর দফতরের থেকেও উত্তরবঙ্গের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর পণ্য বিপণনে সাহায্য করা হয়। বিভিন্ন সরকারি মেলাতে বেশি করে গোষ্ঠীদের সামিল করা হয় বলে তিনি জানিয়েছেন। রবিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মেলার উদ্বোধন হয়েছে মেলা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। দেশের বিভিন্ন রাজ্য থেকে হাতের কাজ থেকে শুরু করে নানা রকমের খাদ্যদ্রব্য নিয়ে মেলায় উদ্যোগীরা এসেছেন। প্রতিবন্ধী কল্যাণ দফতর, খাদি ও গ্রামোদ্যোগেরও স্টল মেলায় রয়েছে। রয়েছে চা পর্ষদ, কফি পর্ষদ, জুট বোর্ড, মশালা বোর্ডের স্টলও। বিভিন্ন রাজ্যের তৈরির পোশাকও মেলায় বিক্রি হচ্ছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। ১৩০টিরও বেশি স্টল মেলায় এসেছে বলে জানানো হয়েছে। আয়োজক সংস্থার জেনারেল ম্যানেজার জয়ন্ত দাস বলেন, “উত্তরবঙ্গের গোষ্ছীগুলিকেও জাতীয় স্তরে বিপণনের সুযোগ করে দেই। দিল্লিতে বাংলার প্যাভেলিয়ন রয়েছে, সেখানে যে সময়ে মেলা চলে না, তখন উত্তরবঙ্গের বিভিন্ন গোষ্ঠী বা উদ্যোগীরা সেখানে পণ্য নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করতে পারেন। সে প্রস্তাব মন্ত্রীকে দেওয়া হয়েছে।”
ইউটিআইয়ের নয়া মিউচুয়াল ফান্ড
নিজস্ব প্রতিবেদন: শেয়ারে বিনিয়োগের উদ্দেশ্যে একটি প্রকল্প বাজারে ছাড়ল ইউটিআই মিউচুয়াল ফান্ড। ক্লোজ এন্ডেড ওই প্রকল্পের তহবিল বাছাই করা ৩০টি সংস্থার শেয়ারে বিনিয়োগ করা হবে। ‘ইউটিআই ফোকাস্ড ইকুইটি ফান্ড সিরিজ টু’ শীর্ষক ওই প্রকল্পে ন্যূনতম ৫,০০০ টাকা লগ্নি করতে হবে। প্রকল্পটি বন্ধ হচ্ছে ১৮ ডিসেম্বর। সংস্থা কর্তৃপক্ষের দাবি, লগ্নিকারীরা যাতে দীর্ঘকালীন ভিত্তিতে বিনিয়োগ করেন, তা নিশ্চিত করতেই প্রকল্পটিকে ক্লোজ এন্ডেড করা হয়েছে।
চটজলদি খাবার
কলকাতার বাজারে চটজলদি খাবারের নয়া সম্ভার আনল গোদরেজ টাইসন ফুড্স। সংস্থা জানিয়েছে, ইয়ামিজ ব্র্যান্ডের নতুন সম্ভারে থাকবে চিকেন নাগেট এবং মুম্বই বড়া। এগুলি সহজেই তৈরি করা যাবে। দাম যথাক্রমে ১৬০ টাকা এবং ৭৫ টাকা।
সংস্থার নামবদল
নামবদল করল পণ্য বাজারে লেনদেনকারী সংস্থা জিওজিৎ কমট্রেড। নয়া নাম জিওফিন কমট্রেড। সংস্থা চাঙ্গা করার পরিকল্পনার অঙ্গ হিসেবে এই সিদ্ধান্ত। গিরীশ দেবকে এমডি-সিইও নিযুক্ত করেছে সংস্থা।
নতুন নিয়োগ
প্রশান্ত কুমার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র কলকাতা সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার নিযুক্ত হয়েছেন।
ভারতের বাজারে এল মার্সিডিজ বেঞ্জ-এর নতুন সি ক্লাস গাড়ি। সি-২০০ অ্যাভাঁগার্দ নামে গাড়িটি মিলবে পেট্রোল মডেলে।
নয়াদিল্লিতে দাম প্রায় ৫০ লক্ষ টাকা। সম্প্রতি গাড়িটি প্রদর্শনে ভারতে সংস্থার কর্তা এবারহার্ড কার্ন।
ডিজেল মডেলটি পাওয়া যাবে আগামী বছর থেকে।