— প্রতীকী চিত্র।
ইরান-আমেরিকার মধ্যে শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা বহাল। যার জেরে বিশ্ব বাজারে মাথা তুলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ১০৫ ডলার পেরিয়েছে। এই ঘটনাই টানা তিন দিন টেনে নামাল অস্থির শেয়ার বাজারকে। শুক্রবার ভারতে সেনসেক্স ৯৯৯.৭৯ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ৭৬,৬৬৪.২১ অঙ্কে। নিফ্টি ২৭৫.১০ পয়েন্ট পড়ে দিন শেষ করেছে ২৩,৮৯৭.৯৫-এ। সব মিলিয়ে তিন দিনে সেনসেক্স মাথা নামিয়েছে ২৬০৯.১২ পয়েন্ট। এই ক’দিনে মুছে গিয়েছে বিএসই-র লগ্নিকারীদের ৭.১৭ লক্ষ কোটি টাকা।
ডলারের সাপেক্ষে এ দিন ফের পড়েছে টাকার দামও। প্রতি ডলার ১৫ পয়সা উঠে পৌঁছেছে ৯৪.১৬ টাকায়।
বাজার বিশেষজ্ঞ বিনয় আগরওয়ালের মতে, ‘‘হরমুজ় প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে সমস্যা পুরো না মেটা পর্যন্ত বাজারে অস্থিরতা বহাল থাকারই আশঙ্কা। তবে সূচক এ দফায় যেখানে নেমেছিল, তার থেকে বেশি পতন দেখা যাবে বলে মনে হয় না। কোনও পক্ষ যুদ্ধ চাইছে না। ফলে আগামী দিনে সমাধান মিলবে বলেই মনে হচ্ছে। সেটা হলে সূচক বাড়বে। তাই এটাই সময় কম দামে কিছু ভাল সংস্থার শেয়ার কিনে রাখার।’’
যুদ্ধবিরতির সময়সীমা না থাকা বাজারে অস্থিরতা বাড়িয়েছে বলে মত অর্থনীতিবিদ অজিতাভ রায় চৌধুরী ও পটনা আইআইটির অধ্যাপক রাজেন্দ্র পরামানিকের। তাঁদের বক্তব্য, হরমুজ় কবে স্বাভাবিক হবে সেটা বলা যাচ্ছে না। ফলে চিন্তা বাড়ছে আমদানি খরচ এবং বাণিজ্য ও চলতি খাতে ঘাটতি নিয়ে। তার উপরে বিদেশি লগ্নিকারীরা শেয়ার বেচতে থাকায় ডলারের চাহিদা বাড়ছে, বিশ্বেও বিভিন্ন মুদ্রার সাপেক্ষে তা শক্তিশালী হচ্ছে। এই ঘটনায় টাকা পড়ছে। আগামী দিনেও সেই ধারা বহাল থাকার সম্ভাবনা।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে