Cyber Security

মাথায় ‘ক্লড মিথোস’, সাইবার হানা রুখতে ব্যাঙ্কগুলিকে আরও সতর্ক হওয়ার নির্দেশ

আমেরিকার ‘অ্যানথ্রোপিক’-এর তৈরি এআই মডেল ‘ক্লড মিথোস’। সংস্থার দাবি, এটি সাইবার নিরাপত্তার ক্ষেত্রে সব থেকে উন্নত এবং শক্তিশালী। নিমেষে আর্থিক পরিষেবার হাজার-হাজার নিরাপত্তাজনিত ত্রুটি খুঁজে বার করতে পারে, যা মানুষের নজর এড়িয়ে যায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ০৯:২৭
Share:

— প্রতীকী চিত্র।

ব্যাঙ্কগুলিকে আবার সাইবার নিরাপত্তা জোরদার করার ডাক দিল কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পরে, এ বার কেন্দ্রীয় সচিব এম নাগারাজুর সতর্কবার্তা, ‘অ্যানথ্রোপিক মিথোস’-এর মতো আর্থিক ক্ষেত্রে ব্যবহারের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মডেল যদি সর্বসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়, তবে তা ব্যাঙ্কিং ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। কারণ, এই এআই মডেল মারফত হতে পারে সাইবার হামলা।

আমেরিকার ‘অ্যানথ্রোপিক’-এর তৈরি এআই মডেল ‘ক্লড মিথোস’। সংস্থার দাবি, এটি সাইবার নিরাপত্তার ক্ষেত্রে সব থেকে উন্নত এবং শক্তিশালী। নিমেষে আর্থিক পরিষেবার হাজার-হাজার নিরাপত্তাজনিত ত্রুটি খুঁজে বার করতে পারে, যা মানুষের নজর এড়িয়ে যায়। ফলে হ্যাকারদের হাতে পড়লে নিরাপত্তার একটি ছোট ছিদ্র দিয়েও হামলা হয়ে যেতে পারে। সূত্রের খবর, সেটাই হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে আতঙ্ক ছড়িয়েছে বিশ্ব জুড়ে।

ব্যাঙ্কগুলির সংগঠন আইবিএ-র এক সভায় নাগারাজুর দাবি, ভারতের ব্যাঙ্কিং ক্ষেত্রে প্রযুক্তির দুর্বলতা চিন্তা বাড়াচ্ছে। এক বার সাইবার হানা হলে তা দ্রুত ছড়িয়ে পড়বে বাজার জুড়ে। নাগারাজুর কথায়, ‘‘ব্যাঙ্কগুলির অবশ্যই সাইবার ক্ষমতা বাড়াতে লগ্নি করা উচিত। ব্যবসায়িক পরিকল্পনাকেও বাস্তবসম্মত করতে হবে।’’ তবে এর আগেই ব্যাঙ্কিং সূত্রের খবর, ‘অ্যানথ্রোপিক মিথোস’-এর সাইবার হানা থেকে বাঁচতে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে খরচ বাড়ানোর পরিকল্পনা করছে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। যাতে গ্রাহকদের তথ্য এবং সম্পদ খোওয়া না যায়।

গত মাসের শেষে দেশের বিভিন্ন ব্যাঙ্ক প্রধানদের সঙ্গে এ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন নির্মলা। সেখানে তিনি জানিয়েছিলেন, ‘ক্লড মিথোস’-এর মোকাবিলায় প্রতিটি ব্যাঙ্কে বিশেষ নজরদারি এবং পরস্পরের সমন্বয় প্রয়োজন। সূত্রের খবর, এআই-জনিত সাইবার হামলা রুখতে এসবিআই-এর চেয়ারম্যান সিএস শেট্টির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গড়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন