— প্রতীকী চিত্র।
সেনসেক্স শিখরে (৮৫,৮৩৬) উঠেছিল ২০২৪-এর ২৬ সেপ্টেম্বর। পরের কুড়ি মাস ধরে সূচকটি ওঠানামা করছে অনেকটা তৈলাক্ত বাঁশে বাঁদরের ওঠানামার অঙ্কের মত। যতবার ওঠার চেষ্টা করছে, ততবারই কম-বেশি ওঠার পরে পিছলে যাচ্ছে। ফলে মনমরা শেয়ার এবং ফান্ডের লগ্নিকারীরা। এখন সূচক শিখর থেকে ১১ হাজার পয়েন্ট নীচে। প্রশ্ন হল, ভারতের অর্থনীতি যথেষ্ট মজুবত বলা হলেও কেন এমন হচ্ছে? বিভিন্ন সংস্থার আর্থিক ফলও খুব খারাপ হয়নি। ইরান যুদ্ধ শুরুর বছর খানেক আগেই সেনসেক্স ৭৩ হাজারের ঘরে নেমেছিল। তারপর উঠলেও, যুদ্ধের ধাক্কায় ৩০ মার্চ ফের নামে ৭১,৯৪৮ অঙ্কে। ফলে এটা স্পষ্ট ২০ মাস ধরে ১৩-১৪ হাজার পয়েন্ট পতনের কারণ শুধু যুদ্ধ নয়। ২০২৫-এ বিদেশি লগ্নি সংস্থাগুলি ভারত থেকে ১.৬৬ লক্ষ কোটি টাকা সরিয়েছে। এ বছরের প্রথম পাঁচ মাসে শেয়ার বেচেছে ২.৯৬ লক্ষ কোটি টাকার। ফলে প্রশ্ন জাগছে, এত বেশি পুঁজি সরানোর কারণ কী? লগ্নি যাচ্ছে কোথায়, কেনই বা যাচ্ছে? বিশ্ব বাজারে নজর দিলে যে কারণগুলি উঠে আসছে, তা এই রকম—
মোটা লগ্নি টানছে মূলত আমেরিকা, তাইওয়ান, দক্ষিণ কোরিয়ার কিছু প্রযুক্তি সংস্থা। তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়ার প্রধান দু’টি সংস্থা যথাক্রমে টিএসএমসি এবং স্যামসাং। আমেরিকায় লগ্নিকারীদের নজর অ্যাপল, এনভিডিয়া, মাইক্রোসফট, আইবিএম, মেটা, টেসলা, অ্যালফাবেট/গুগ্ল ইত্যাদি সংস্থার দিকে। আসলে প্রযুক্তি ক্ষেত্রের বদলের সঙ্গে ভারত তাল মেলাতে পারেনি। বহু বিদেশি লগ্নি তাই এ দেশ ছাড়ছে। কারণ, বিদেশি প্রযুক্তি সংস্থাগুলির সম্ভাবনা বিপুল। শুধু এনভিডিয়া-রই সব শেয়ারের মোট বাজার দর ভারতে নথিবদ্ধ সমস্ত শেয়ারের মোট শেয়ারমূল্য এবং জিডিপির থেকে বেশি। তার উপর তুলনায় ম্লান ভারতের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। বিদেশে দ্রুত বাড়তে থাকা বাজারের সুবিধা নিতে অনেকে সরাসরি শেয়ার বা ফান্ডের মাধ্যমে সেখানে লগ্নি করছেন।
তবে এত বিদেশি লগ্নি ভারত ছাড়ায় সূচক আরও পড়ত। পড়েনি ফান্ড-সহ দেশের আর্থিক সংস্থাগুলির শেয়ার কেনায়। অর্থাৎ বাজার তলিয়ে যায়নি মূলত ফান্ডে নিয়মিত লগ্নি করা সাধারণ মানুষের টাকায়। আর এই উচ্চতাকে ব্যবহার করেই বিদেশি লগ্নিকারীরা মোটা মুনাফা কামিয়ে বেরিয়ে যাচ্ছে। তাতে ডলার বাড়ছে, পড়ছে টাকা। এর পর বাজার পড়লে বা উঠতে সময় নিলে, ধাক্কা খাবেন শেয়ার-ফান্ডের লগ্নিকারীরা।
(মতামত ব্যক্তিগত)
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে