Petrol-Diesel Price Hike

বৃহস্পতিবার রাতেই কি বাড়বে পেট্রল-ডি‌জ়েলের দাম? ভোটপর্ব মিটতেই শুরু জল্পনা

কলকাতার এক পাম্প মালিকও বুধবার জানান, এখনও পর্যন্ত দাম বৃদ্ধির খবর নেই। তবে নতুন মাসে তা বাড়তে পারে। পেট্রলের থেকেও সেই আশঙ্কা বেশি ডিজ়েলে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০৮:০৭
Share:

— প্রতীকী চিত্র।

জল্পনা ছড়িয়েছিল, বুধবার পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ শেষ হলে রাতে দেশ জুড়ে পেট্রল-ডিজ়েলের দাম বাড়বে। যা ‘ভুয়ো’ বলে উড়িয়ে দেয় কেন্দ্র। তবু এ দিন সন্ধ্যে নামতেই বাড়তে থাকে আশঙ্কা। বিভিন্ন সরকারি সূত্র এবং বিশেষজ্ঞদের দাবি, মুখ রক্ষার খাতিরে বুধবার না হলেও দাম বাড়তে পারে বৃহস্পতিবার রাতে। প্রতি মাসের শেষ দিনে যে ভাবে পরের মাসের দাম সংশোধন হয়। অশোধিত তেলের ব্যারেল যেখানে উঠেছে (১১৯ ডলার), তাতে মে মাসে পেট্রল, ডিজ়েল ও রান্নার গ্যাস-সহ বিভিন্ন পেট্রপণ‍্যের দামই বেড়ে যেতে পারে। তা ঘোষণা করা হতে পারে আজ রাতে। ফলে আশঙ্কা বহাল দেশ জুড়ে। যদিও সরকার এর আগে একাধিক বার দাবি করেছে, আপাতত দেশে তেলের দাম বৃদ্ধির পরিকল্পনা নেই।

কলকাতার এক পাম্প মালিকও বুধবার জানান, এখনও পর্যন্ত দাম বৃদ্ধির খবর নেই। তবে নতুন মাসে তা বাড়তে পারে। পেট্রলের থেকেও সেই আশঙ্কা বেশি ডিজ়েলে। শহরের এক এলপিজি বিক্রেতারও বলেন, ‘‘আমার কাছে যা খবর, তাতে গৃহস্থের রান্নার গ্যাসের দাম আরও ৪০-৫০ টাকা বাড়তে পারে, বাণিজ্যিক ২০০-২৫০ টাকা।’’ ফলে ধাক্কা ঠিক কোন পথে আসছে, তাই নিয়ে উদ্বেগে গোটা দেশ।

বুধবার দুপুরে সমাজমাধ‍্যমে পেট্রলিয়াম মন্ত্রকের দাম বাড়ানোর একটি নির্দেশিকা ‘ভাইরাল’ হয়। সেখানে লেখা ছিল, পয়লা মে থেকে পেট্রল ১০ টাকা, ডিজ়েল ১২.৫০ টাকা করে বাড়ছে। এটি রাজ‍্যে শাসকদলের অনেক সমর্থক ও সদস‍্য সমাজমাধ‍্যমে আপলোডও করেন। তবে কেন্দ্রীয় মন্ত্রক জানায়, এমন কোনও নির্দেশিকা জারি করেনি তারা। এটা ভুয়ো। পরে মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা জানান, পেট্রপণ‍্যের দাম বৃদ্ধি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। বিজেপির অভিযোগ, ভোটের সময় সাধারণ মানুষকে প্রভাবিত করতে এই ধরনের ভুয়ো খবর বাজারে ছেড়েছে তৃণমূলই।

উপদেষ্টা সংস্থা ‘কোটাক ইনস্টিটিউশনাল একুইটি’ এর আগে জানিয়েছিল পাঁচ রাজ্যে ভোট মিটলে মে মাসে পেট্রল-ডিজ়েলের দাম লিটারে প্রায় ২৫-২৮ টাকা বাড়তে পারে। সেই দাবিও সারবত্তাহীন তকমা দিয়ে উড়িয়ে দেয় কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক। উল্টে অভিযোগ তোলে, সাধারণের মধ্যে আতঙ্ক ছড়াতে এই সব কথা বলা হচ্ছে। ভারতই একমাত্র দেশ, যেখানে চার বছর ধরে তেলের দাম স্থির। এর পরে ‘এমকে গ্লোবাল ফিনান্সিয়াল সার্ভিসেস’ জানায় এই দুই জ্বালানির দাম লিটারে ১০ টাকা বাড়ানো ছাড়া গতি নেই।

সরকারি মহলের দাবি, অশোধিত তেলের আমদানি খরচ বাড়ায় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বিরাট ক্ষতির মুখে পড়ছে। পেট্রলের লিটারে প্রায় ২০ টাকা এবং ডিজ়েলে ১০০ টাকা লোকসান বইতে হলেও এখনও পর্যন্ত দাম বৃদ্ধির পরিকল্পনা নেই বলে আগেই জানিয়েছে কেন্দ্র। বুধবার বিশেষজ্ঞ সংস্থা ইক্রার দাবি, অশোধিত তেলের দাম এই জায়গায় থাকলে পেট্রলে ১৪ টাকা এবং ডিজ়েলে ১৮ টাকা ক্ষতি হবে তেল সংস্থাগুলির। এলপিজির ক্ষেত্রে সামগ্রিক ক্ষতির অঙ্ক চলতি অর্থবর্ষে ছুঁতে পারে ৮০ হাজার কোটি টাকা। এমকে গ্লোবাল এবং কোটাক একুইটির দাবি পেট্রল-ডিজ়েল লিটারে ১০-২০ টাকার মতো বাড়লে তা মূল্যবৃদ্ধিকে ৭৫-১০০ বেসিস পয়েন্ট বাড়িয়ে দিতে পারে। যার প্রভাব পড়তে পারে শেয়ার বাজারেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন