—প্রতীকী চিত্র।
পেট্রল-ডিজ়েল থেকে শুরু করে ‘সঙ্কুচিত প্রাকৃতিক গ্যাস’ বা সিএনজি (কমপ্রেসড ন্যাচরাল গ্যাস)। শুক্রবার, ১৫ মে থেকে সারা দেশে বৃদ্ধি পেয়েছে জ্বালানির দর। ফলে মাথায় হাত আমজনতার। এর প্রভাবে নিত্য দিনের কেনাকাটায় দামের ছেঁকায় যে পকেট খালি হবে, তা বলাই বাহুল্য। পাশাপাশি, বাড়বে অফিস বা কর্মক্ষেত্রে যাওয়ার খরচও। এই পরিস্থিতিতে অগ্নিমূল্য হতে পারে বাজারের কোন কোন সামগ্রী? আনন্দবাজার ডট কম-এর প্রতিবেদনে রইল তার হদিস।
আর্থিক বিশ্লেষকদের বড় অংশের দাবি, এ বারের জ্বালানি মূল্যবৃদ্ধির সর্বাধিক প্রভাব দেখা যাবে কৃষিতে। ফলে চড়চড়িয়ে দাম বাড়তে পারে শাকসব্জির। পাশাপাশি, নিত্য দিনের ব্যবহার্য ভোগ্যপণ্যের দরও ঊর্ধ্বমুখী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে বেশি টাকায় কিনতে হবে সাবান, শ্যাম্পু, দাঁতের মাজন থেকে শুরু করে অন্যান্য প্রসাধনী ও প্যাকেটজাত খাবার। তা ছাড়া দাম বাড়তে পারে দুগ্ধজাত পণ্য, অর্থাৎ পনির ও মিষ্টির।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, কৃষিপণ্য ও খাদ্যসামগ্রী বাদ দিলে জ্বালানির দর বৃদ্ধির বড় প্রভাব দেখা যাবে ইস্পাত উৎপাদন ও পর্যটনে। তা ছাড়া ই-কমার্স সাইটে কেনাকাটাও বেশ মহার্ঘ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ভাড়া বাড়বে বাস ও অটোর মতো গণপরিবহণের। এতে অফিস বা কাজের জায়গায় যাওয়ার দৈনন্দিন খরচ যে অনেকটাই বেড়ে যাবে, তাতে কোনও সন্দেহ নেই।
অন্য দিকে একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা ‘রয়টার্স’ জানিয়েছে, জ্বালানি মূল্যবৃদ্ধির প্রত্যক্ষ প্রভাবে ১৫ বেসিস পয়েন্টে সীমাবদ্ধ থাকবে খুচরো মূদ্রাস্ফীতি সূচক। শুধু তা-ই নয়, সামগ্রিক ভাবেও এটি বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে তার পরেও মুদ্রাস্ফীতির হার ৪.৫ শতাংশ থেকে ৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
গত মাসে মুদ্রানীতি কমিটির বৈঠকে দেশের খুচরো বাজারের মূল্যবৃদ্ধির হার সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। তাদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিলে ৩.৪৮ শতাংশে দাঁড়িয়েছিল সারা দেশের খুচরো মুদ্রাস্ফীতির সূচক। তবে গ্রাম ও শহরাঞ্চলে মূল্যবৃদ্ধির হার যথাক্রমে ৩.৭৪ এবং ৩.১৬ শতাংশ ধার্য করে আরবিআই। তা ছাড়া খাদ্যদ্রব্যের দাম বাড়ায় এপ্রিলে তার মুদ্রাস্ফীতির অঙ্ক পৌঁছোয় ৪.২০ শতাংশে।
এই দিন কলকাতায় ৩ টাকা ২৯ পয়সা বৃদ্ধি পায় পেট্রলের দাম। ফলে তিলোত্তমায় এটি বিক্রি হচ্ছে ১০৮ টাকা ৭৪ পয়সায়। এ ছাড়া কলকাতায় লিটারপ্রতি ডিজ়েলের দাম ৩ টাকা ১১ পয়সা বেড়ে হয়েছে ৯৫ টাকা ১৩ পয়সা। প্রায় ১১ মাসে দাম বাড়ল এই দুই জ্বালানির।