Provident Fund

পর পর তিন বছর বাড়ল না প্রভিডেন্ট ফান্ডে সুদের হার, ক্ষুব্ধ ইউনিয়নগুলি

এ বারও পিএফে সুদের হার অপরিবর্তিত রাখা নিয়ে তীব্র আপত্তি প্রকাশ করেছে ইউনিয়নগুলি। তাদের মতে, সব কিছু বদলাচ্ছে। সব কিছুর পিছনে খরচ-খরচা আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৭:০০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তিন বছর ধরে সুদের হার একই রইল কর্মী প্রভিডেন্ট ফান্ডে। শেষ বার ২০২৩-২৪ অর্থবর্ষে তা আগের বছরের ৮.১৫% থেকে বেড়ে হয়েছিল ৮.২৫%। তার পরে গত অর্থবর্ষে বদলায়নি। সোমবার শ্রম মন্ত্রকের ঘোষণায় জানা গেল, এ বছরও বদলাচ্ছে না। ফলে চলতি অর্থবর্ষেও পিএফের সদস্য কর্মীরা তাঁদের এই খাতে জমা তহবিলের উপরে ৮.২৫% হারেই সুদ পাবেন। এমনকি পিএফে ন্যূনতম পেনশনের হার কবে বাড়বে বা আদৌ বাড়বে কি না, তা নিয়েও কোনও ইঙ্গিত পাওয়া যায়নি এ দিন।

এ বারও পিএফে সুদের হার অপরিবর্তিত রাখা নিয়ে তীব্র আপত্তি প্রকাশ করেছে ইউনিয়নগুলি। তাদের মতে, সব কিছু বদলাচ্ছে। সব কিছুর পিছনে খরচ-খরচা আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে। আগামী দিনে হয়তো আরও বাড়বে। সাধারণ মানুষের জীবনযাপন অনিশ্চিত হয়ে উঠছে নানা কারণে। এই অবস্থায় পিএফের মতো একটি সামাজিক সুরক্ষা প্রকল্পে তিন বছর ধরে একই হারে সুদ দেওয়ার অর্থ কী, প্রশ্ন তাদের। অভিযোগ, কর্মী-শ্রমিকদের স্বার্থই এখানে প্রধান বিষয় হলেও, না পিএফের ন্যূনতম পেনশন ১০০০ টাকা থেকে বাড়ানো হচ্ছে, না সুদের হার। ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষের মন্তব্য, ‘‘জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, তাতে আশা করা হয়েছিল এ বার সুদ কিছুটা বাড়বে। কিন্তু সরকার যে এ ক্ষেত্রে শ্রমিকদের সুরাহা দেওয়ার ব্যাপারে উদাসীন, তার প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। দীর্ঘ দিন ধরে দাবি করা সত্ত্বেও ন্যূনতম পেনশন বাড়ায়নি তারা। এ বছর সুদও ফের স্থির রাখা হল। এটা হতাশাজনক।’’

অছি পরিষদের সদস্য এবং টিইউসিসির সাধারণ সম্পাদক এস পি তিওয়ারির দাবি, এই অর্থবর্ষে অর্থাৎ ২০২৫-২৬ সালে পিএফের তহবিল লগ্নি করে আগের বছরের থেকে আয় কম হয়েছে। সেই আয়ের ভিত্তিতে হিসাব কষে দেখা গিয়েছে, ৮.২৫% সুদ দিতেই ভর্তুকি দিতে হবে প্রায় ৯৪৪ কোটি টাকা। সে ক্ষেত্রে ওই ভর্তুকি বার করা হবে গত বছরে পিএফের সুদ মেটানোর পরে যে অর্থ উদ্বৃত্ত ছিল, তা থেকে।

এ দিনের বৈঠকে পিএফের ন্যূনতম পেনশন বাড়ানো নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই খবর। তিওয়ারি বলেন, ‘‘অছি পরিষদ আগেই ন্যূনতম পেনশন ৩০০০ টাকা করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করেছে। বিষয়টি এখন প্রধানমন্ত্রীর বিবেচনাধীন। তাই বিষয়টি আলোচনায় ওঠেনি।’’

বস্তুত, সোমবার দেশের অন্যতম সামাজিক সুরক্ষা প্রকল্প কর্মী পিএফের অছি পরিষদের বৈঠকে ঠিক হয় সুদের হার ৮.২৫ শতাংশে অপরিবর্তিত রাখার বিষয়টি। অছি পরিষদে সুদের হার নিয়ে এ দিনের সিদ্ধান্ত পাঠানো হবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে। সেখান থেকে সায় পাওয়ার পরেই পিএফের ৭ কোটিরও বেশি সদস্যের জমা টাকার উপর চলতি অর্থবর্ষের জন্য ৮.২৫% সুদ কার্যকর হবে।

পিএফে সুদের হার ২০২২-২৩ সালে ছিল ৮.১৫%। তা ২০২৩-২৪ সালে ১০ বেসিস পয়েন্ট বাড়িয়ে করা হয় ৮.২৫%। তারও আগে ২০২১-২২ সালে তার আগের বছরের (২০২০-২১) ৮.৫০% থেকে ৪০ বেসিস পয়েন্ট কমিয়ে সুদ নামানো হয়েছিল ৮.১০ শতাংশে। যা ছিল বিগত ৪০ বছরে সব থেকে কম। একাংশের মতে, তার পরে বেশ কয়েক বছর কেটে গিয়েছে। কিন্তু সুদের হারে চোখ রাখলেই স্পষ্ট, তা প্রয়োজন অনুযায়ী বাড়ানো হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন