— প্রতীকী চিত্র।
আড়াই মাসের মধ্যে চালু হতে চলেছে জাতীয় পেনশন প্রকল্পের (এনপিএস) অধীনে স্বাস্থ্য পেনশন প্রকল্প। এনপিএস-এর গ্রাহকেরা যাতে অবসরের পরে পেনশন তহবিল থেকেই নিজেদের চিকিৎসার খরচ মেটাতে পারেন, তার ব্যবস্থা করতে আনা হচ্ছে এটি। বর্তমানে পেনশন তহবিল দিয়ে শুধু অ্যানুইটি কিনে পেনশনের বন্দোবস্ত করতে পারেন তাঁরা। তবে প্রশ্ন উঠেছে, চিকিৎসার সুবিধা নিলে পেনশনের পরিমাণ কমবে কি? বিষয়টি এখনও স্পষ্ট নয় বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
মঙ্গলবার পেনশন তহবিল নিয়ন্ত্রক পিএফআরডিএ-র এক অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান এস রামন বলেন, ‘‘এনপিএস স্বাস্থ্য পেনশন প্রকল্প ৬০-৭০ দিনের মধ্যে চালু করা হবে। সাধারণ পেনশন প্রকল্পের সঙ্গে স্বাস্থ্য বিমাকে মিশিয়ে এটি তৈরি করা হয়েছে। প্রাথমিক ভাবে পরীক্ষামূলক ভিত্তিতে আনা হচ্ছে।’’
জীবন বিমার বিপণন বিভাগের প্রাক্তন কর্তা অরূপ দাশগুপ্তের মতে, “এটিকে পুরোপুরি স্বাস্থ্য বিমা প্রকল্প হিসেবে ভাবলে ভুল হবে। কারণ, এর আওতায় সীমিত অঙ্কের চিকিৎসা খরচ পাওয়া যাবে। তবে প্রিমিয়াম দিতে হবে। পেনশনের অঙ্ক থেকেই তা কাটা হবে। প্রিমিয়াম বাবদ একলপ্তে টাকা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।”
পিএফআরডিএ-র দাবি, এনপিএস স্বাস্থ্য পেনশন প্রকল্পটিতে প্রযোজ্য ফি এবং চার্জ কাটা হবে বিশেষ নীতি অনুযায়ী। এ সংক্রান্ত স্বচ্ছ বিধি প্রকাশ করা হবে। এনপিএস গ্রাহকদের চিকিৎসার খরচ মেটাতে পেনশন তহবিল থেকে একটি টপ-আপ স্বাস্থ্য বিমা প্রকল্প কেনা হবে। এর জন্য চুক্তি করা হবে বিভিন্ন বিমা সংস্থার সঙ্গে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে