Stock Price of Reliance Industries

আমেরিকার তৈল শোধনাগারে বিপুল লগ্নির খবরে গা ঝাড়া! ক্ষতবিক্ষত বাজারে আশার আলো অম্বানীর রিলায়্যান্স

আমেরিকার টেক্সাসে তৈল শোধনাগার নির্মাণের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে বিপুল লগ্নি করবে ধনকুবের ভারতীয় শিল্পপতি মুকেশ অম্বানীর সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড। এর প্রভাবে বাড়তে পারে তাদের স্টকের দাম? তুঙ্গে জল্পনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৭:৫৭
Share:

—প্রতীকী ছবি।

ইরান যুদ্ধের আবহে তেলসঙ্কটের আশঙ্কায় বড় সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর নির্দেশে টেক্সাসের ব্রাউনসভিলে এ বার তৈরি হবে তৈল শোধনাগার, যাতে বিপুল লগ্নি করবেন ধনকুবের ভারতীয় শিল্পপতি মুকেশ অম্বানী। সেই খবর প্রকাশ্যে আসতেই শেয়ারবাজারে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখাল তাঁর সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড। সেনসেক্স-নিফটির মেগা পতনের মধ্যেও তা আশা জুগিয়েছে বললে অত্যুক্তি হবে না।

Advertisement

বুধবার, ১১ মার্চ ট্রাম্পের ঘোষণার পর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসসি) ১.৭৮ শতাংশ বৃদ্ধি পায় রিলায়্যান্সের শেয়ারের দাম। ফলে সেটা ১,৪৩৪ টাকায় ঘোরাফেরা করছিল। কিন্তু, কিছু ক্ষণের মধ্যেই নামতে থাকে এর সূচক। বৃহস্পতিবার, ১২ মার্চ বাজার খোলার সময় ১,৩৮৮.৬০ টাকায় দৌড় শুরু করে মুকেশ অম্বানীর সংস্থাটির স্টক। দিনভর এতে বেশ অস্থিরতা লক্ষ করা গিয়েছে।

লক্ষ্মীবারে লেনদেনের গোড়ার দিকে বেশ ঊর্ধ্বমুখী ছিল রিলায়্যান্সের শেয়ার। দিনের মধ্যে সর্বোচ্চ এর দাম ওঠে ১,৪১০.৯০ টাকা। কিন্তু, দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ নামতে থাকে সংশ্লিষ্ট শেয়ারটির সূচক। শেষ সেশনে সেই পতন অব্যাহত থাকায় ১,৩৯০ টাকায় পৌঁছে দৌড় থামায় অম্বানীদের ওই স্টক। অর্থাৎ, শেয়ারটির দাম কমেছে মাত্র ০.০১৪ শতাংশ।

Advertisement

যুক্তরাষ্ট্রের তৈল শোধনাগার নির্মাণ প্রকল্পে মুকেশ অম্বানী বিনিয়োগ করতে চলায় তার প্রভাব রিলায়্যান্সের স্টকে দেখতে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। কারণ, ইরান যুদ্ধের জেরে গত কয়েক দিন ধরে বাজার রক্তাক্ত হলেও সংশ্লিষ্ট শেয়ারটিতে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গিয়েছে। যদিও বম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের দর খাদে নেমে যাওয়ায় বিপুল লোকসানের জেরে মাথায় হাত পড়েছে লগ্নিকারীদের।

এ দিন ৮২৯ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। ফলে বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক ৭৬ হাজার ৩৪ পয়েন্টে নেমে এসেছে। গত ১১ দিনে প্রায় সাড়ে সাত হাজার পয়েন্টের পতন দেখেছে এই বাজার। লক্ষ্মীবারে এনএসইর বিনিয়োগকারীদেরও হয়নি লক্ষ্মীলাভ। এই দিন ২২৭ পয়েন্ট নিম্নমুখী হয়েছে নিফটি-৫০। ফলে দিনশেষে দেখা যায় ২৩ হাজার ৬৩৯ পয়েন্টে দৌড় থামিয়েছে ওই সূচক।

টেক্সাসের তৈল শোধনাগারের জন্য রিলায়্যান্সের সঙ্গে ৩০ হাজার কোটি ডলারের চুক্তি করেছে আমেরিকা। ভারতীয় মুদ্রায় সেটা প্রায় ২৭ লক্ষ কোটি টাকা। সংশ্লিষ্ট সমঝোতাটিকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করে মুকেশ অম্বানীর সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ারবাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement