—প্রতিনিধিত্বমূলক ছবি।
তেলের জোগান সঙ্কট সামলাতে গত ১২ জুন বসেছিল নিষেধাজ্ঞা। সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় আগামী কাল, অর্থাৎ পয়লা জুলাই থেকে বাণিজ্যিক এবং শিল্পের ব্যবহারের জন্য পেট্রল এবং ডিজ়েলের উপর বসানো ওই নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে কেন্দ্র। পাশাপাশি এত দিন একটি গাড়িকে পাম্প থেকে দৈনিক ডিজ়েল দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সীমাও স্থির করে দিয়েছিল তারা। যার পরিমাণ ছিল ২০০ লিটার। উঠে যাচ্ছে এই নিয়মও। ফলে এখন এক জন ব্যক্তি দৈনিক ২০০ লিটারের বেশি জ্বালানি কিনতে পারবেন। দেশে তেলের আমদানি স্বাভাবিক হওয়ার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক।
সোমবার রাতে মন্ত্রক এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে বলেছে, সাধারণ মানুষের স্বার্থে ন্যায্য দামে পেট্রল-ডিজ়েলের জোগান বহাল রাখার জন্য সাময়িক নিয়ন্ত্রণ জরুরি ছিল। যাতে সকলেই তা সমান ভাবে পান। দেশে এই মুহূর্তে সেগুলির সরবরাহ-পরিস্থিতি পর্যালোচনা করার পরে মন্ত্রক মনে করছে, গত ১২ জুন জারি করা নির্দেশগুলির আর কোনও প্রয়োজন নেই। দেশে তেলের জোগান যথেষ্ট।
উল্লেখ্য, ইতিমধ্যেই পরিস্থিতি পর্যালোচনা করে রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডার সম্পূর্ণ চাহিদা মতো জোগানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, সোমবারের এই বিজ্ঞপ্তির পরে মোটামুটি স্পষ্ট যে পশ্চিম এশিয়ার সমস্যা প্রায় পুরোটাই কেটে গিয়েছে। ফলে তেল কিংবা গ্যাস আমদানিতে কোনও সমস্যা হচ্ছে না।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে