Share Market Today

ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি হতেই শেয়ারবাজারে উল্কাগতি! সাড়ে তিন হাজার পয়েন্ট বাড়ল সেনসেক্স, বাড়ল টাকার দামও

ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি সম্পন্ন। ভারতের উপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করার কথাও ঘোষণা করেছে আমেরিকা। ট্রাম্পের এই ঘোষণার পর মঙ্গলবার বাজার খুলতেই সূচকে তুমুল গতি দেখা গিয়েছে। ডলারের সাপেক্ষে চাঙ্গা হয়েছে টাকার দামও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৩
Share:

ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি এবং মার্কিন প্রেসিডেন্টের শুল্কছাড়ের ঘোষণা মৃত সঞ্জীবনীর কাজ করল ভারতীয় শেয়ার বাজারে। মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনে বাজার খুলতেই উল্কাগতিতে ছুটল সেনসেক্স ও নিফটি। ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি ঘিরে ধোঁয়াশা কাটতেই তেজি হয়েছে বাজার। এ দিন বাজার খোলার সময় বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসই-এর সূচক (সেনসেক্স) ৮৫ হাজার ৩২৩ পয়েন্টে পৌঁছে যায়। সেই সময়ে ৩৬৫৭ পয়েন্ট ঊর্ধমুখী ছিল বিএসই-এর সূচক। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই (নিফটি৫০) সূচক ২৬,৩০৮ পয়েন্ট বেড়ে যায়। ডলারের সাপেক্ষে চাঙ্গা হয়েছে টাকার দামও। ১১৯ পয়সা বেড়েছে ভারতীয় মুদ্রা।

Advertisement

বাণিজ্যচুক্তি হতেই ভারতের উপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করার ঘোষণা করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতেই ঘোষণা করেন, ভারতের উপর ‘পারস্পরিক শুল্ক’ ১৮ শতাংশ করা হচ্ছে। শুল্ক হ্রাসের পরিবর্তে ভারত আরও বেশি করে মার্কিন পণ্য কিনবে। ট্রাম্পের এই ঘোষণার পর মঙ্গলবার বাজার খুলতেই বাজারে তুমুল গতি দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এক ফোনেই কোটি কোটি টাকা লাভের মুখ দেখলেন বিনিয়োগকারীরা। সকাল সাড়ে ১১টা পর্যন্ত নিফটির সূচক ৬৯৭.৪৫ পয়েন্ট উপরে ঘোরাফেরা করেছে। সেনসেক্সের প্রায় সমস্ত ক্ষেত্রেই সূচক সবুজ হয়ে রয়েছে। বেলা ১২টা নাগাদ ৮৪ হাজার ১৭০ পয়েন্টে আসে সূচক। লার্জক্যাপ, মিডক্যাপ, স্মলক্যাপে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে বাণিজ্যচুক্তি।

আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তির ফলে ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম ১১৯ পয়সা বেড়ে ৯০.৩ টাকায় দাঁড়িয়েছে। সোমবার বাজার বন্ধের সময় ডলারের নিরিখে টাকার দর ছিল ৯১.৪৯। সোনা-রুপোর দামেও বৃদ্ধি লক্ষ করা গিয়েছে। সোনার দর ২.৭৮ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রাম ১,৪৮,০০০ টাকায় দাঁড়িয়েছে। গত তিন দিন ধরে টানা পতনের পর রুপোর দামেও উত্থান দেখা গিয়েছে। ৪ শতাংশ বেড়ে প্রতি কেজি রুপোর দাম ২ লক্ষ ৪৫ হাজার ৭১১ টাকায় দাঁড়িয়েছে। সোমবার বাজার বন্ধের সময় রুপোর দাম ছিল ২ লক্ষ ৩৬ হাজার ২৬১ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement