Swapan Dasgupta

রাজ্যে শিল্প আনতে পক্ষপাত করতেও রাজি, দাবি অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রীর মতে, বিগত রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে সব বিষয়ে বিরোধের পথে হাঁটায় পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ০৭:৪২
Share:

রাজ্যে শিল্পের প্রসারে সরকারের চূড়ান্ত নিরপেক্ষ হওয়ার দরকার নেই, মনে করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বরং প্রয়োজনে কিছু ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট হতে রাজি তিনি। বুধবার অ্যাসোচ্যামের সভায় স্বপন বলেন, ‘‘কোনও বিশেষ শিল্প ক্ষেত্রের প্রতিনিধিরা সরকারের কাছে অতিরিক্ত সহায়তা চাইলে সেই দাবিকে মান্যতা দিয়ে প্রয়োজনীয় বদল আনার মানসিকতা থাকা উচিত।’’ মন্ত্রীর দাবি, এই কারণেই হোমিয়োপ্যাথি ওষুধ ব্যবসায়ীদের করা অনুরোধ মেনে বাজেটে ঘোষণা করা হয়েছে।

অর্থমন্ত্রীর মতে, বিগত রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে সব বিষয়ে বিরোধের পথে হাঁটায় পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে। তিনি বলেন, ‘‘ওড়িশা বা অসমের মতো পড়শি রাজ্যের তুলনায় বাংলা শিল্পে অনেকটা পিছিয়ে। তাই যত দ্রুত সম্ভব উৎসাহ নীতি (ইনসেন্টিভ পলিসি) চালু করতে হবে।’’ শিল্পপতিদের লগ্নি টানার মতো পরিবেশ গড়াই তাঁদের লক্ষ্য জানিয়ে স্বপনের বার্তা “বর্তমান সরকার শিল্পের পক্ষে। শিল্পবান্ধব রাজ্য হিসেবে পরিচিত হতে চাই। তাই লগ্নিকারীদের বলব আপনারা আসুন, বিনিয়োগ করুন।” অনুষ্ঠানে দেকো সিকিয়োরিটিজ়ের সিএমডি অদিতি দে নন্দী জানান, দেশের ছোট শিল্পের সিংহভাগই পরিবারভিত্তিক। তাই পারিবারিক ব্যবসা উত্তরাধিকারীর হাতে তুলে দেওয়ার আগে তাঁকে যোগ্য করে তোলা জরুরি।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন