Indemnity Policy

Indemnity Policy: আর্থিক ক্ষতিপূরণের দায় নিজের ঘাড়ে না রেখে ভাবুন এই বিমার কথা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০২২ ১৭:১২
Share:

প্রতীকী চিত্র।

আপনি কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্থপতি বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট? পেশা বাঁচাতে কখনও বিমার কথা ভেবেছেন? যদি না ভেবে থাকেন তা হলে কিন্তু আর না ভেবে কেনার রাস্তায় হাঁটা শুরু করতে পারেন। কারণ, এই বিমা আপনাকে আপনার কাজ ঘিরে আইন-আদালতের খরচ বা ক্ষতিপূরণের আর্থিক দায়ের রক্ষাকবচের কাজ করবে।

Advertisement

এই বিমা কিন্তু বাজারে এসেছে ১৯৯১ সালের ডিসেম্বর মাসে! আর এই ২০২২ সালে দাঁড়িয়েও আমরা অনেকেই জানি না এর অস্তিত্বের কথা। সেই ভাবে এই বিমার জনপ্রিয়তা নিয়ে পরিসংখ্যান পাওয়া না গেলেও শোনা কথাকে তথ্য হিসাবে ধরলে বলাই যায় যে বিগত এক দশকে এই বিমাটি চিকিৎসক এবং বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম মালিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।

এই জনপ্রিয়তার কারণ খোঁজাও অবশ্য খুব কঠিন নয়। ভুল চিকিৎসা বা চিকিৎসা পরিষেবা ঘিরে অভিযোগ নিয়ে আদালতের শরণাপন্ন হওয়ার সংখ্যাও বাড়ছে। বাড়ছে ক্ষতিপূরণ পাওয়ার সংখ্যাও। তাই চিকিৎসক এবং চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সংস্থারাও নিজেদের সুরক্ষার স্বার্থেই এই বিমা কিনছেন।

Advertisement

বিদেশে অবশ্য এই বিমার জনপ্রিয়তা বহু দিন ধরেই। এবং অনেক পেশাতেই এই বিমা না থাকলে সংশ্লিষ্ট পেশাদার তার কাজ করার অধিকার পায় না। কিন্তু আমাদের দেশে এখনও এই জায়গাটা আসেনি।

তবে ক্রেতা সুরক্ষা আইন পরিষেবা কেনার ক্ষেত্রে যে হেতু এখন অনেক বেশি কার্যকর তাই এই বিমা অবশ্যই কেনে উচিত। কারণ:

• চুক্তিতে কোনও ফাঁক থাকলে তা থেকে আর্থিক ক্ষতির দায় এই বিমা বহন করবে।

• আদালতের খরচও এই বিমা থেকে পাওয়া যাবে।

• আদালতে গিয়ে আপনি জিতে গেলেও উকিলের খরচ তো আছেই। সেটাও এই বিমা থেকে আপনি পেয়ে যাবেন।

• শর্তসাপেক্ষে আপনি যদি আদালতের বাইরে গিয়ে বিরোধ মেটান তা হলেও তার আর্থিক খরচ মিলতে পারে এই বিমা থেকে।

পরিভাষায় বলা হয় প্রফেশনাল ইনডেমনিটি ইনসিওরেন্স পলিসি বা পিআই পলিসি। এই মুহূর্তে যে সব সাধারণ বিমা সংস্থার কাছ থেকে এই বিমা কেনা যায় সেগুলি হল: বাজাজ অ্যালায়াঞ্জ, আইসিআইসিআই লম্বার্ড, এইচডিএফসি এরগো, নিউ ইন্ডিয়া অ্যাসিওরান্স, এসবিআই জেনারেল।

ডাক্তারদের মধ্যে এর জনপ্রিয়তা বাড়ার জন্য সংস্থাগুলি এই জাতীয় বিমার নানান সুবিধা বাড়াচ্ছে। যেমন আইসিআইসিআই লম্বার্ড ক্ষুদ্র ও মাঝারি ক্ষেত্রের চিকিৎসা পরিষেবা সংস্থার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীদের জন্যেও সম্প্রতি বাজারে এনেছে নতুন বিমা। বাকি সংস্থারাও পিছিয়ে নেই।

তাই আপনিও পিছিয়ে না থেকে, পেশাদার হিসাবে নিজের পেশার স্বার্থেই উপদেষ্টার সঙ্গে আলোচনা করে আপনার জন্য যে বিমা সঠিক তা কিনে ফেলুন। এখনই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement