কলকাতা-কলম্বো সরাসরি উড়ান শুরু হচ্ছে চলতি মাসেই। শ্রীলঙ্কার সরকারি বিমান সংস্থা মিহিন লঙ্কা ১৭ জুন থেকে এই রুটে উড়ান চালু করছে। কলকাতা থেকে সপ্তাহে তিনটি উড়ান দেবে তারা। কলকাতায় সংস্থার অন্যতম কর্তা চিরঞ্জীব মিত্র জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটক টানতে এই পদক্ষেপ। তাঁর দাবি, কলকাতা থেকে ২২ শতাংশের বেশি ব্যবসা করবে মিহিন লঙ্কা। কারণ, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৌদ্ধ পর্যটকদের দৌলতে এই বাজার বাড়ছে। সম্প্রতি কলকাতায় হোটেল ও রেস্তোরাঁর সংগঠন ফেডারেশন অব হোটেল অ্যান্ড রেস্টোর্যান্টস অব ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে এসে এ কথা জানান মিহিন লঙ্কা কর্তৃপক্ষ।