উৎসবের মরসুমের আগেই প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
প্রাকৃতিক গ্যাসের দাম অক্টোবরের আগেই বাড়ানো হতে পারে বলে শনিবার ইঙ্গিত দিলেন তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রসঙ্গত, গত ২৫ জুন কেন্দ্রের অর্থনীতি বিষয়ক কমিটি রঙ্গরাজন কমিটির সূত্র মেনে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তটি তিন মাসের জন্য স্থগিত রাখার কথা ঘোষণা করে। তবে আজ মন্ত্রী জানান, উৎসবের মরসুমের আগেই সম্ভবত তা কার্যকর হবে। তার আগেই সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা সেরে ফেলা হবে। আপাতত কেরোসিন ও এলপিজির দামও বাড়ছে না। উল্লেখ্য, রঙ্গরাজন কমিটির সুপারিশ অনুসারে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়লে তা দাঁড়াবে প্রতি ১০ লক্ষ ব্রিটিশ থার্মাল ইউনিটের জন্য ৮.৮ ডলার। এখনকার দরের প্রায় দ্বিগুণ। ফলে বিদ্যুৎ ও সার উৎপাদনের খরচ বাড়বে, কারণ এই দুই ক্ষেত্রে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় প্রাকৃতিক গ্যাস। প্রতি ১ ডলার করে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়লেই ইউরিয়ার উৎপাদন খরচ বাড়বে টন পিছু ১৩৭০ টাকা। বিদ্যুৎ মাসুল বাড়বে ইউনিটে ৪৫ পয়সা। সিএনজি-র দর বাড়বে কেজিতে কমপক্ষে ২.৮১ টাকা এবং পাইপলাইনে সরবরাহ করা রান্নার গ্যাস প্রতি ঘন মিটারে ১.৮৯ টাকা।
রাজ্যে শিল্পে লগ্নি যথেষ্ট, দাবি অমিতের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
রাজ্যে শিল্প-বাণিজ্য ক্ষেত্রে বিভিন্ন ব্যাঙ্ক ২০১৩-’১৪ অর্থবর্ষে প্রায় ৫০ হাজার কোটি টাকার ঋণ দিয়েছে। এতেই প্রমাণ হয়, গত এক বছরে শিল্প ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে, এমনই দাবি রাজ্যের অর্থমন্ত্রী তথা শিল্পমন্ত্রী অমিত মিত্রের। শনিবার স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির (এসএলবিসি) বৈঠকের পরে অর্থমন্ত্রীর দাবি, ২০১৩-’১৪ সালে মাঝারি ও ছোট শিল্পে ১৬,২০০ কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য হলেও বছরের শেষে তা ২১,৮৪২ কোটিতে পৌঁছেছে। অগ্রাধিকার ক্ষেত্রের বাইরে অর্থাৎ ‘নন প্রায়োরিটি সেক্টর’-এ (এর মধ্যেই ব্যবসা-শিল্প সংক্রান্ত ঋণ রয়েছে) যেখানে ৯,০০০ কোটি টাকা ঋণ দেওয়ার কথা ভাবা হয়েছিল সেখানে ওই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৭,৮৫৯ কোটি টাকা। অর্থমন্ত্রী মনে করছেন, ব্যবসার উপযুক্ত পরিবেশ না-থাকলে শিল্পোদ্যোগীরা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে এ রাজ্যে লগ্নি করতেন না। সরকারের প্রতি শিল্পমহলের যে-আস্থা রয়েছে, এ থেকেই তা স্পষ্ট। এসএলবিসি সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালের মার্চ মাস পর্যন্ত রাজ্যের বিভিন্ন ব্যাঙ্কে ৪ লক্ষ ৬৩ হাজার কোটি টাকার আমানত সংগৃহীত হয়েছে। তার মধ্যে ব্যাঙ্কগুলি ঋণ দিয়েছে ৩ লক্ষ ১১ হাজার কোটি টাকা। আমানত সাপেক্ষে এই ঋণের অনুপাত ৬৩%। পাশাপাশি, চলতি বছরে ৮ লক্ষ ৭০ হাজার নতুন কিসান ক্রেডিট কার্ড বিলি হওয়ায় ব্যাঙ্ককর্তাদের বৈঠকে অর্থমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন বলে এসএলবিসি সূত্রের খবর।
নতুন নিয়োগ
রাঘবেন্দ্র গুপ্ত ২০১৪-’১৫ আর্থিক বছরের জন্য ইন্ডিয়ান জুট মিল্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। আশুতোষ ভগৎ ডেপুটি চেয়ারম্যান এবং সুমন্ত পোদ্দার ভাইস চেয়ারম্যান হয়েছেন।
কে কার অলঙ্কার: মুম্বইয়ের এক অনুষ্ঠানে চিত্রাঙ্গদা সিংহ। ছবি: পিটিআই