রাষ্ট্রায়ত্ত সংস্থার বরাতে ২৫ হাজার কোটির নয়া ব্যবসার সম্ভাবনা ছোট শিল্পে
নিজস্ব প্রতিবেদন
আগামী এপ্রিল থেকে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে পণ্য বা পরিষেবার অন্তত ২০% ক্ষুদ্র ও ছোট শিল্পের কাছ থেকে কিনতেই হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। সংশ্লিষ্ট শিল্প মহলের দাবি, ওই নির্দেশ নতুন করে প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যবসার সুযোগ তৈরি করবে। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির পণ্য ও পরিষেবা ক্রয় সংক্রান্ত নীতি ২০১২ সালের ১ এপ্রিল থেকেই চালু হয়েছে। কিন্তু বাস্তবে তা খুব একটা কার্যকর হয়নি। ইউপিএ জমানায় ঠিক হয়, ২০১৫ সালের ১ এপ্রিল থেকে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাকে অন্তত ২০% পণ্য-পরিষেবা বাধ্যতামূলক ভাবে ক্ষুদ্র ও ছোট শিল্পের কাছে কিনতে হবে। মঙ্গলবার রাজ্যসভায় এই নির্দেশের কথা ফের বলেছেন মন্ত্রী কলরাজ মিশ্রও। সরকার নীতির কথা বললেও, আদতে গত দু’বছরে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ওই কেনার পরিমাণ কমেছিল। তাই শুধু নীতি নয়, এ বার তা কার্যকর করার উপরেই জোর দিচ্ছে শিল্পমহল। রাজ্যে এই ক্ষুদ্র ও ছোট শিল্পের সংগঠন ফসমি-র সভাপতি বিশ্বনাথ ভট্টাচার্যের মতে, সিদ্ধান্ত কার্যকর হলে নতুন সুযোগের দরজা খুলে যাবে। ফিসমে-র সেক্রেটারি জেনারেল অনিল ভরদ্বাজ-ও দিল্লি থেকে ফোনে জানান, ২০ শতাংশের নিয়ম বাধ্যতামূলক হলে অন্তত ২৫ হাজার কোটি টাকার নতুন ব্যবসার সম্ভাবনা তৈরি হবে।
বাড়ল সূচক
সংবাদ সংস্থা • মুম্বই
টানা পাঁচ দিনের পতন সামলে মঙ্গলবার সেনসেক্স উঠল ২২১ পয়েন্ট। থিতু হল ২৫,২২৮.৬৫ অঙ্কে। বিশেষজ্ঞদের মতে, খুচরো বাজারের মূল্যবৃদ্ধি কমে গত আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ার দৌলতেই এই উত্থান। কারণ মূল্যবৃদ্ধি কমায় আগামী দিনে রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমানোর পথে হাঁটতে পারে বলে আশা লগ্নিকারীদের। তবে ডলারের সাপেক্ষে টাকার দাম ৫ পয়সা পড়েছে এ দিন। এক ডলার হয়েছে ৬০.১২ টাকা।
রাজ্যে ওসিএলের সিমেন্ট কারখানা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
ওড়িশার পরে পশ্চিমবঙ্গকে বেছে নিল দেশের চতুর্থ বৃহত্তম সিমেন্ট উৎপাদক ওসিএল ইন্ডিয়া। শালবনির গোদাপিয়াশাল শিল্প তালুকে ৬১৫ কোটি টাকা লগ্নিতে তৈরি হয়েছে বেঙ্গল সিমেন্ট ওয়ার্কস কারখানা। সংস্থার প্রধান পুনীত ডালমিয়ার দাবি, তা পূর্বাঞ্চলের বাজার ধরতে সাহায্য করবে। ১৫৪.৪৩ একরে তৈরি এই কারখানায় বছরে উৎপাদন হবে ২০ লক্ষ টন সিমেন্ট।
সুদ কমাল এসবিআই
কম মেয়াদের জমায় সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমাল স্টেট ব্যাঙ্ক। ৭-১৭৯ দিনের জমায় সুদ ৭.৫% থেকে কমে হচ্ছে ৭%। তবে ১ কোটি টাকার বেশি আমানতের ক্ষেত্রে ৭-৬০ দিনের জমায় তা ২৫ বেসিস পয়েন্ট কমে হচ্ছে ৬.২৫%। আর ৬১ দিনের বেশি কিন্তু ১ বছরের কম জমায় নয়া হার ৬.৭৫%। ১৮ জুলাই থেকে নতুন হার চালু হবে।
পরিকাঠামোয় উৎসাহ
পরিকাঠামো ও তুলনায় কম দামের বাড়ি তৈরিতে ঋণ জোগানোয় উৎসাহ দেওয়ার জন্য ব্যাঙ্কগুলিকে সুবিধা দিল রিজার্ভ ব্যাঙ্ক। জানাল, ওই প্রয়োজনে ব্যাঙ্ক দীর্ঘ মেয়াদি বন্ড ছেড়ে টাকা তুললে, তা সিআরআর ও এসএলআর-নিয়মের বাইরে থাকবে।
বিদেশি লগ্নি নিয়ে
বিভিন্ন শিল্পে সব ধরনের বিদেশি লগ্নির সম্মিলিত ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার প্রস্তাব দিল বাণিজ্য মন্ত্রকের শিল্প নীতি ও উন্নয়ন দফতর। এর মধ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই), বিদেশি লগ্নিকারী সংস্থার (এফআইআই) বিনিয়োগ-সহ দেশের বাইরে থেকে টাকা ঢালার বিভিন্ন ধরনের মাধ্যমকেই রাখতে চায় তারা। বিদেশি লগ্নির পথ মসৃণ করতেই এই প্রস্তাব।