যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে রাত ১০টার পর মাইক বেজেছে তারস্বরে। অভিযোগ জানিয়েছিলেন এক প্রতিবেশী। তার ভিত্তিতে তদন্ত শুরু করলেন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ১৩ সদস্যের 'অ্যাপ্রুভাল অ্যান্ড মনিটরিং কমিটি অফ কালচারাল প্রোগ্রাম'-এর উপর বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে কমিটি রিপোর্ট দেবে।
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, গত ২৫ মার্চ যাদবপুর ক্যাম্পাসের ভিতরে বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের বার্ষিক উৎসব চলছিল। সেখানে একটি গানের দল আমন্ত্রিত ছিল। ক্যাম্পাস সংলগ্ন সেলিমপুরের এক বাসিন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারকে ই-মেল করে জানান, রাত ১০টার পরেও ওই অনুষ্ঠান হয়েছে। তারস্বরে বেজেছে মাইক। সেই শব্দে তাঁদের অসুবিধা হয়েছে। রাত ১০টার পর কী ভাবে তারস্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠান চলতে পারে? প্রশ্ন তুলেছেন অভিযোগকারী।
শুধু ২৫ মার্চই নয়। অভিযোগকারীর দাবি ছিল, প্রতি বছর বার্ষিক অনুষ্ঠানের সময়ে তাঁদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। যাদবপুরের মতো একটি প্রতিষ্ঠানে কী ভবে রাত ১০টার পরও এ ভাবে অনুষ্ঠান চলে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
যদিও অভিযোগের বিষয়ে শোনার পরে উদ্যোক্তা দলের এক সদস্য জিম্মি জানিয়েছিলেন, তাঁদের অনুষ্ঠানের জন্য কারও কোনও অসুবিধা হয়ে থাকলে দুঃখিত। তাঁরা কাউকে বিরক্ত করতে চায়নি বলেও জানিয়েছিলেন তিনি। তাঁর ব্যাখ্যা ছিল, রাত ১০টার মধ্যেই অনুষ্ঠান শেষ করার চেষ্টা করেন তাঁরা। যে হেতু ওই অনুষ্ঠানে অনেক পড়ুয়া যোগ দেন, তাই সময়ের মধ্যে অনেক ক্ষেত্রে অনুষ্ঠান শেষ করা যায় না।
কর্তৃপক্ষ সেই সময় জানিয়েছিলেন, ফের যেন এ রকম পরিস্থিতি না হয় সেই দিকে লক্ষ্য রাখা হবে। এ দিন রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল বলেন, "ওই কমিটি পুরো বিষয় খতিয়ে দেখে রিপোর্ট দেবে। তার পর উপযুক্ত পদক্ষেপ করা হবে।"