Career options in Visual Communication

কথা বলে ছবি! গল্প তৈরির কৌশল জানেন ভিস্যুয়াল কমিউনিকেটর, কী ভাবে অর্জন করবেন দক্ষতা?

দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পর ভিস্যুয়াল কমিউনিকেশন, ভিস্যুয়াল কমিউনিকেশন ডিজ়াইন, ভিস্যুয়াল ডিজ়াইন নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে কলা বিভাগের পাশাপাশি, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের পড়ুয়ারাও ওই বিষয় নিয়ে স্নাতক স্তরে ভর্তি হতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ০৯:০০
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

চলচ্ছবি হোক বা স্থিরচিত্র— তাতেই লুকিয়ে থাকে অনেক কাহিনি। আধুনিক প্রযুক্তি সেই ছবিতে যোগ করে নকশা, মানানসই রং। প্রয়োজন অনুসারে কোনও কোনও ক্ষেত্রে বিভিন্ন ধরনের এবং আকারের হরফে লেখাও হয় ছবিতে। একটি ছবিই ব্যবহৃত হয় কোনও তথ্য জানাতে বা ব্যবসায়িক যোগাযোগ স্থাপন করতে।

Advertisement

ভিস্যুয়াল কমিউনিকেশন-এর মাধ্যমে সে কাজ করে থাকেন বিশেষজ্ঞেরা। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে পড়াশোনার সুযোগও রয়েছে এ দেশে। মূলত, গ্রাফিক্স ডিজ়াইন, ইউজ়ার ইন্টারফেজ় এবং ইউজ়ার এক্সপেরিয়েন্স ডিজ়াইন, অ্যানিমেশন, ভিএফএক্স, ভিস্যুয়াল এফেক্টস-এর মতো কাজগুলি ওই বিষয়ের মাধ্যমে শেখার সুযোগ থাকে। সিনেমা, তথ্যচিত্র, বিজ্ঞাপনের ভিডিয়ো বা ছবি তৈরির জন্য এমন বিষয় বিশেষজ্ঞদের চাহিদা রয়েছে যথেষ্ট। তাই ছোট কিংবা বড় ভিডিয়ো, ছবি তৈরির জন্য এই বিষয়ে জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তাও বেড়েছে।

কারা পড়তে পারবেন?

Advertisement

দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পর ভিস্যুয়াল কমিউনিকেশন, ভিস্যুয়াল কমিউনিকেশন ডিজ়াইন, ভিস্যুয়াল ডিজ়াইন নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে কলা বিভাগের পাশাপাশি, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের পড়ুয়ারাও ওই বিষয় নিয়ে স্নাতক স্তরে ভর্তি হতে পারবেন। তবে, উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় ৫০ শতাংশের বেশি নম্বর থাকা প্রয়োজন।

কোন ডিগ্রি কোন বিষয়ের জন্য?

Advertisement
  • ভিস্যুয়াল কমিউনিকেশন বিষয়ে ব্যাচেলর অফ ডিজ়াইন (বিডেজ়), ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) ডিগ্রি অর্জনের সুযোগ থাকছে।
  • ভিস্যুয়াল কমিউনিকেশন ডিজ়াইন এবং ভিস্যুয়াল ডিজ়াইন বিষয়গুলি বিডেজ় ডিগ্রির অধীনে পড়া যায়।

ছবি: এআই সহায়তায় প্রণীত।

এ দেশে কোথায় পড়বেন?

দেশের বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় থেকে ভিস্যুয়াল কমিউনিকেশন, ভিস্যুয়াল কমিউনিকেশন ডিজ়াইন, ভিস্যুয়াল ডিজ়াইন নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।

  • ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াইনের অহমদাবাদ, বেঙ্গালুরু, গান্ধীনগর থেকে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের কোর্স করা যেতে পারে। এ ছাড়াও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-র বোম্বে, গুয়াহাটি থেকেও বিডেজ় ডিগ্রি কোর্সের অধীনে উল্লিখিত বিষয়টি শেখার সুযোগ মিলতে পারে।
  • এ ছাড়াও দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ আর্ট থেকে উল্লিখিত বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন আগ্রহীরা।

প্রয়োজনীয় দক্ষতা:

ভিস্যুয়াল কমিউনিকেশন বিষয়ে ডিগ্রি অর্জন করাই যথেষ্ট নয়। এই বিষয়ে বিশেষজ্ঞ হতে চাইলে সৃজনশীল ভাবনা, ছবির মাধ্যমে গল্প বলতে পারার দক্ষতা এবং পরীক্ষামূলক ভাবে কাজের প্রতি আগ্রহী হওয়া প্রয়োজন।

গত কয়েক বছরে কৃত্রিম মেধার সংযোজনে ভিডিয়ো বা ছবি তৈরির কাজে প্রযুক্তিগত উন্নতি হয়েছে। সে ক্ষেত্রে নতুন প্রযুক্তি ব্যবহারের দক্ষতাও চাই সমান ভাবে।

পেশাগত সুযোগ:

সিনেমা, তথ্যচিত্র, অ্যানিম (জাপানি কার্টুন), টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান, বিজ্ঞাপনের ভিডিয়ো, সমাজ মাধ্যমের কন্টেন্ট, ভিডিয়ো গেম তৈরির কাজে ভিস্যুয়াল কমিউনিকেটরদের চাহিদা থাকে যথেষ্ট। এ ছাড়াও বিভিন্ন কর্পোরেট সংস্থা, তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের পাশাপাশি, বিজ্ঞাপন এবং মার্কেটিং বিভাগে লোগো অ্যানিমেশনস, ব্যাখ্যামূলক ভিডিয়ো, রিল, প্রচারমূলক কাজে এমন ব্যক্তিদের নিয়োগ করা হয়ে থাকে।

উল্লিখিত বিভাগে যোগদানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পর চাকরি পেতে হলে দরকার আকর্ষণীয় পোর্টফোলিও। তাতে বিভিন্ন ধরনের ছবি, ভিডিয়ো, রিল থাকা প্রয়োজন, যা দেখে প্রার্থীর নিজস্ব ভাবনা এবং দক্ষতা বোঝা যাবে। কোনও ছবি বা ভিডিয়ো তৈরির ক্ষেত্রে কী ধরনের টুল বা সফট্অয়্যার ব্যবহার করতে হয়, সেই তথ্যও ওই পোর্টফোলিওতে থাকা আবশ্যক। তবেই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement