প্রতীকী চিত্র।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি অব্যাহত। উত্তপ্ত আবহে পড়ুয়াদের কথা ভেবে বোর্ডের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত আগেই জানিয়েছিল সিবিএসই। পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছিল কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্জ়ামিনেশনস (সিআইএসসিই)-ও। তবে এ বার পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে সংযুক্ত আরব আমিরশাহীতে দশম এবং দ্বাদশের বাকি পরীক্ষা সম্পূর্ণ বাতিল করার কথা ঘোষণা করল কাউন্সিল।
কাউন্সিলের নির্দেশিকায় জানানো হয়েছে, যুদ্ধের জেরে সুরক্ষাব্যবস্থা বিঘ্নিত হওয়ায় সংযুক্ত আরব আমিরশাহীতে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা আয়োজনে সমস্যা সৃষ্টি হয়েছে। তাই দুবাইয়ের শিক্ষা নিয়ন্ত্রক সংস্থা নলেজ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট অথরিটি (কেএইচডিএ) এবং ভারতের কনসুলেট জেনারেল অফ ইন্ডিয়া-র সঙ্গে পরামর্শের পরেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
খবরে প্রকাশ, ইরান-ইজ়রায়েল ও আমেরিকার যুদ্ধে মিসাইল এবং ড্রোন হামলায় বিধ্বস্ত পশ্চিম এশিয়ার দেশগুলি। এর মধ্যে সংযুক্ত আরব আমিরশাহীতেই রয়েছে সর্বাধিক ভারতীয় পড়ুয়া। তাই হাজারের বেশি পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত কাউন্সিলের।
তবে এ ক্ষেত্রে পড়ুয়াদের মূল্যায়ন কী ভাবে হবে, তা নিয়ে চিন্তিত সকলেই। শিক্ষকমহলে অনেকেই মনে করছেন, কোভিড পরিস্থিতিতে পরীক্ষার জন্য যে মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করেছিল কাউন্সিল, হয়তো সে ভাবেই এ বারও পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। পড়ুয়াদের ফলাফল প্রস্তুত করা হবে স্কুলের ইন্টারনাল অ্যাসেসমেন্ট, প্র্যাক্টিক্যাল পরীক্ষা এবং স্কুলের বাকি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দুবাই, আবু ধাবি, সারজাহের ভারতীয় স্কুলগুলি পড়ুয়াদের জানিয়েছে, এ বিষয়ে কী পদক্ষেপ করা হবে, সে কথা জানতে কাউন্সিলের পরবর্তী নির্দেশিকার জন্য অপেক্ষা করতে হবে।