Non-Stick Iron Tawa

লোহার কড়াইয়ে রাঁধতে গেলেই ভাজাভুজি লেগে যায় তলায়? এক কৌশলে এটিই হয়ে উঠবে নন-স্টিক

নন-স্টিক বাসনের ক্ষতিকারক প্রভাব এড়াতে অনেকেই লোহার কড়াইয়ে রান্না করেন। কিন্তু তাতে খাবারদাবার পাত্রের গায়ে আটকে যাওয়ার প্রবণতা থাকে। কিন্তু এক সহজ কৌশলে লোহার কড়াইকেই নন-স্টিক বাসনে পরিণত করা যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১২:৪০
Share:

সাধারণ লোহার কড়াই-ই হয়ে উঠবে নন-স্টিকের মতো। ছবি: এআই সহায়তায় প্রণীত।

নন-স্টিক বাসনপত্রের দুর্নাম তৈরি হয়েছে বাজারে। নন-স্টিক বাসনে সাধারণত টেফলন নামক রাসায়নিকের প্রলেপ থাকে। অতিরিক্ত তাপে এই প্রলেপ গলে গিয়ে বিষাক্ত ধোঁয়া তৈরি করে, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ দিকে লোহার কড়াইয়ে রাঁধার পরামর্শ দেওয়া হয় নানা স্বাস্থ্যগুণের জন্য। বাসন থেকে আয়রন শরীরে প্রবেশ করতে পারে। ফলে অনেকেই এখন বাড়িতে লোহার কড়াই ব্যবহার করেন। কিন্তু সমস্যা হল, এই নন-স্টিকে রান্নার যে সুবিধা পাওয়া যেত, তা আর পাওয়া যায় না। ভাজাভুজি হোক বা মশলা কষানো, তলার দিকে লেগে থাকে। ফলে রান্না করাও কঠিন হয়ে ওঠে, আবার বাসন পরিষ্কার করতেও বেশ বেগ পেতে হয়।

Advertisement

তবে একটি সহজ কৌশলে আপনার লোহার কড়াই-ই হয়ে উঠতে পারে নন-স্টিক। কেবল রান্নার আগে কয়েকটি ধাপ মেনে চলতে হবে। এই পদ্ধতিতে কড়াই বা তাওয়ার উপর একটি প্রাকৃতিক সুরক্ষাস্তর তৈরি হয়, যা ধীরে ধীরে তাওয়াকে আরও মসৃণ করে তোলে।

লোহার কড়াইকে নন-স্টিকে পরিণত করার কায়দা। ছবি: সংগৃহীত

রইল লোহার কড়াইকে নন-স্টিকে পরিণত করার কায়দার ধাপগুলি

Advertisement

· লোহার তাওয়া প্রথমে গরম জলে ভাল করে ধুয়ে নিন। কোনও কড়া ধাঁচের সাবান ছাড়াই।

· ধোয়ার পরে সম্পূর্ণ শুকিয়ে নেওয়া জরুরি, যাতে মরচে না পড়ে।

· তাওয়াটি গ্যাসে বসিয়ে ২-৩ মিনিট গরম করুন।

· এ বার অল্প তেল ছড়িয়ে দিন তাওয়ার উপর। ১ টেবিল চামচ তিলের তেল বা সূর্যমুখী তেলের মতো কোনও একটি ব্যবহার করুন।

· ২-৩ টেবিল চামচ নুন সমান ভাবে তার উপর ছড়িয়ে দিন।

· ২-৩ মিনিট গরম করার পর একটি তোয়ালে দিয়ে আলতো করে সবটা মুছে ফেলুন।

· একেবারে শেষে আরও এক বার তেল দিয়ে গরম করে নিন ঢিমে আঁচে।

· গ্যাস বন্ধ করে ৫-৭ মিনিট ধরে ঠান্ডা হতে দিন কড়াইয়ের উপর।

· শেষে সেই তেলটুকুও মুছে ফেলুন।

ব্যস, এ বার আপনার সাধারণ লোহার তাওয়া বা কড়াই নন-স্টিকে পরিণত হয়ে গেল। এ বার রান্না করলে তলায় খাবার আটকে যাওয়ার ঝক্কি পোহাতে হবে না। লোহার তাওয়া শুধু টেকসই নয়, দীর্ঘ দিন ব্যবহার করলে এর রান্নার গুণও বাড়ে। খাবারে আয়রন মেশার পাশাপাশি রাসায়নিক পদার্থ শরীরে প্রবেশ করার ঝুঁকিও থাকে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement