Urine Test Precaution

মহিলাদের ক্ষেত্রে যখন-তখন প্রস্রাব পরীক্ষা করানো চলবে না! কোন কোন সময় এড়িয়ে চলবেন, জেনে রাখুন

মহিলাদের ক্ষেত্রে কিছু কিছু বিশেষ পরিস্থিতিতে প্রস্রাবের নমুনা পরীক্ষার জন্য পাঠালে ফলাফল ভুল আসবে। পরীক্ষা করানোর আগে জেনে নিন, কোন সময় প্রস্রাব পরীক্ষা এড়িয়ে চলবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৩:৫৭
Share:

কোন কোন সময় মহিলারা প্রস্রাবের পরীক্ষা করাবেন না? ছবি: সংগৃহীত।

গরমের সঙ্গে সঙ্গে ঘরে ঘরে সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। প্যারাসিটামল খেয়েও তিন দিনের বেশি জ্বর স্থায়ী হচ্ছে। ফলে চিকিৎসকেরা রক্ত পরীক্ষার পাশাপাশি প্রস্রাব পরীক্ষা করানোরও পরামর্শ দিচ্ছেন। প্রস্রাব পরীক্ষার সময় বেশ কিছু নিয়ম না মানলে কিন্তু পরীক্ষার ফল ঠিকঠাক আসে না। পুরুষদের তো বটেই, মহিলাদের কিন্তু এ ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হয়।

Advertisement

অন্তঃসত্ত্বা কি না তা জানার জন্য হোক বা অন্তঃসত্ত্বাকালীন অবস্থায়, শরীরে কোনও রকম সংক্রমণ হোক বা দীর্ঘস্থায়ী জ্বর— প্রস্রাব পরীক্ষা করানো ছাড়া উপায় নেই। তবে মহিলাদের ক্ষেত্রে কিছু কিছু বিশেষ পরিস্থিতিতে প্রস্রাবের নমুনা পরীক্ষার জন্য পাঠালে ফলাফল ভুল আসবে। পরীক্ষা করানোর আগে জেনে নিন, কোন সময় প্রস্রাব পরীক্ষা এড়িয়ে চলবেন।

মহিলাদের ক্ষেত্রে ঋতুস্রাব চলাকালীন বা ঋতুস্রাব শেষ হওয়ার বা শুরু হওয়ার দু’-এক দিনের মধ্যে প্রস্রাব পরীক্ষা করালে কিন্তু ফলাফল মোটেই ঠিক আসবে না। এই সময়কালে মহিলাদের প্রস্রাবে লোহিত রক্তকণিকার আধিক্য থাকে, তাই পরীক্ষার ফলাফল ভুল আসার সম্ভাবনা অনেকটাই বেশি। ঋতুস্রাব শেষ হওয়ার তিন থেকে চার দিন পরে পরীক্ষা করানো যেতে পারে।

Advertisement

আর কী কী মাথায় রাখা জরুরি?

১) ডায়েরি সাপ্লিমেন্ট-সহ কিছু ওষুধ খেলে তা প্রস্রাব পরীক্ষার ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে। প্রস্রাবের পরীক্ষায় নির্দিষ্ট কিছু উপাদানের ক্ষেত্রে ফলাফল ভুল আসতে পারে। সেই সব ওষুধের মধ্যে রয়েছে ভিটামিন বি, অ্যাসকরবিক অ্যাসিড, ফেনাজোপিরিডিন (পিরিডিয়াম), রিফাম্পিন, ফেনাইটোইন (ডিল্যান্টিন) ইত্যাদির সাপ্লিমেন্ট। আপনি যদি মূত্রবর্ধক বা ডাইইউরেটিক জাতীয় ওষুধ খান, তবে তা অবশ্যই চিকিৎসককে জানানো জরুরি। সে সব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে সাময়িক ভাবে কিছু ওষুধ বন্ধ রাখতেও হতে পারে।

২) পরীক্ষার আগে অত্যন্ত কঠোর শারীরিক ব্যায়ামের ফলে সাময়িক ভাবে প্রস্রাবে প্রোটিন বা রক্ত দেখা দিতে পারে, যা কোনও শারীরিক সমস্যার লক্ষণ বলে মনে হতে পারে। তাই দিনের শুরুতেই প্রস্রাবের নমুনা সংগ্রহ করে নেওয়া ভাল, তাতে ফলাফলও নির্ভুল আসে।

৩) প্রস্রাবের নমুনা দেওয়ার আগে শরীরে যেন আর্দ্রতা বজায় থাকে, সেই বিষয়টি নিশ্চিত করুন। ডিহাইড্রেশন হলে কিন্তু পরীক্ষার ফলাফলে তার প্রভাব পড়তে পারে।

প্রস্রাবের নমুনা সংগ্রহের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা একান্ত প্রয়োজন। নমুনা সংগ্রহের আগে হাত ভাল করে স্যানিটাইজ় করা জরুরি। নমুনা দেওয়ার আগে যোনি খুব ভাল করে পরিষ্কার করে নিতে হবে। নমুনা সংগ্রহের পাত্রটি যেন শরীরের কোনও অংশ স্পর্শ না করে, সেটিও নিশ্চিত করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement