Calcutta University Scholarship

প্রথম প্রজন্মের সংখ্যালঘু পড়ুয়ারা যেন বৃত্তি থেকে বঞ্চিত না হয়! নির্দেশ কলেজ অধ্যক্ষদের

পোর্টালে ভুল ফর্ম পূরণ করার জন্য একজনেরও যেন বৃত্তি বাতিল না হয় সেটা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে সুনিশ্চিত করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৯:১৯
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

ভোটের আগে সরকারি বৃত্তি নিয়ে সচেতন সরকার। সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে অধীনস্থ কলেজগুলিকে সতর্ক করা হয়েছে, কোনও পড়ুয়া যেন ঐক্যশ্রী প্রকল্প থেকে বঞ্চিত না হন। এই প্রকল্পের আওতায় সংখ্যালঘু পড়ুয়ারা বিশেষ বৃত্তি পেয়ে থাকেন।

Advertisement

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অনেক ক্ষেত্রেই অধীনস্থ কলেজগুলিতে পড়তে আসেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রথম প্রজন্মের পড়ুয়ারা। ফলে আশঙ্কা থেকে যায় ফর্ম পূরণের ক্ষেত্রে সমস্যা হওয়ার। এ ধরনের কোনও জটিলতায় যাতে কোনও পড়ুয়ার বৃত্তি না আটকে যায়, তা দেখতে হবে কলেজ কর্তৃপক্ষকেই, জানিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে এক কর্মশালার আয়োজন করা হয়। ১২৬ জন অধ্যক্ষ ও ২৪০ জন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক উপস্থিত ছিলেন। সেখানেই বলা হয় ফর্ম বাতিলের মতো কোনও ঘটনা যেন না ঘটে। প্রয়োজনে কলেজ থেকেই যেন এই ফর্ম পূরণের দায়িত্ব নেওয়া হয়।

Advertisement

কলেজ পরিদর্শক দীপ্তেন্দু চট্টোপাধ্যায় বলেন, “আমাদের কাজ সকলকে সচেতন করা। পোর্টালে ভুল ফর্ম পূরণ করার জন্য একজনেরও যেন বৃত্তি বাতিল না হয়, তা নিশ্চিত করতে হবে কলেজকেই।”

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ বলেন, “সরকার যে সুবিধা দিচ্ছে তা থেকে যেন কেউ বঞ্চিত না হন, সেটা দেখা আমাদের সকলের কর্তব্য। সে কারণে ছাত্রছাত্রীদের কাছে এই সুবিধা পৌঁছে দিতে সকলকে সচেতন থাকতে বলা হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement