Onions in Summer

গরমের মরসুমে শরীর ঠান্ডা রাখে পেঁয়াজ! কমায় হিট স্ট্রোকের ঝুঁকিও? সত্যি কি এত গুণ আছে

পেঁয়াজ খেলেই কি গরমে শরীর ঠান্ডা হবে? আদৌ কতটা গুণ সব্জিটির?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১৬:১০
Share:

গরমে কাঁচা পেঁয়াজ খাওয়া কি ভাল? ছবি: সংগৃহীত।

রুটি হোক বা ভাত কিংবা মুখরোচক কোনও খাবার— সঙ্গে কাঁচা পেঁয়াজ চাই-ই চাই। মূলত স্যালাড হিসাবেই কাঁচা পেঁয়াজ খাওয়ার চল।

Advertisement

তবে এই চল কি এমনিই তৈরি হয়েছে? প্রচলিত মত, গরমের মরসুমে কাঁচা পেঁয়াজ পেট ঠান্ডা রাখে। অনেকে বলেন হিট স্ট্রোকেরও ঝুঁকি কমে কাঁচা পেঁয়াজ খেলে। সত্যি কি পেঁয়াজের এত গুণ আছে?

নিউ ইয়র্ক থেকে প্রকাশিত ‘জার্নাল অফ ফুড মেজ়ারমেন্ট অ্যান্ড ক্যারেক্টারাইজেশন’-এর গবেষণাপত্র থেকে জানা যাচ্ছে পেঁয়াজে থাকে জল এবং ইলেক্ট্রোলাইটস। ফলে চড়া রোদে জল এবং খনিজের ঘাটতি হলে তা পূরণ করে সুরক্ষা দিতে পারে পেঁয়াজ।

Advertisement

পেঁয়াজ হাইড্রেশনে বা শরীরে জলের ঘাটতি পূরণে কিছুটা হলেও সাহায্য করে, বলছেন পুষ্টিবিদ অনন্যা ভৌমিক। তিনি জানাচ্ছেন, পেঁয়াজের বেশ কিছু পুষ্টিগুণ রয়েছে। কারণ এতে সামান্য পরিমাণে জল এবং ইলেক্ট্রোলাইটস থাকে। এতে মেলে ফ্ল্যাভোনয়েডস, কোয়ারসেটিন-এর মতো অ্যান্টি-অক্সিড্যান্ট। এর কিছু প্রদাহনাশক গুণও রয়েছে।

তবে, পেঁয়াজ খেলেই শরীর ঠান্ডা থাকবে বা হিট স্ট্রোক কিংবা গরমে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি কমবে, সে ব্যাপারে তিনি সহমত নন। অনন্যার কথায়, এ রকম কোনও তথ্যপ্রমাণ নেই।

তবে পুষ্টিবিদ সতর্ক করছেন, উপকারী হলেও সকলের জন্য নিয়মিত কাঁচা পেঁয়াজ খাওয়া ঠিক নয়। বিশেষত, অম্বল-গ্যাসের সমস্যা থাকলে বা আইবিএস (ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম) থাকলে নিয়মিত কাঁচা পেঁয়াজ খাওয়া ভাল না।

কী ভাবে দৈনন্দিন খাবারে পেঁয়াজ জুড়বেন

• স্যালাড হিসাবে খাওয়া যায়।

• কাঁচা পেঁয়াজ খাওয়া যেতে পারে রায়তাতেও। টক দইয়ে শসা, পেঁয়াজ কুচিয়ে দিন।

• ভিনিগার, নুনে চুবিয়ে রাখা হয় ছোট ছোট পেঁয়াজ। মজানো এই পেঁয়াজ আচারের মতো খাওয়া যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement