Teachers Tarining

উচ্চ মাধ্যমিকের নতুন বিষয়গুলির প্রতি পড়ুয়াদের আগ্রহী করা হবে কী ভাবে! শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ

রাজ্যের যে সব স্কুলের পাঠ্যক্রমে ‘বিজ়নেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিসটিক্স’, ‘বেসিক অফ ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্সেস’, ‘ফিশারিজ় অ্যান্ড অ্যাকোয়া কালচার’ এবং পরিবেশবিজ্ঞান নতুন ভাবে চালু হয়েছে, সেখানকার সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের এই অনুষ্ঠানে ডাকা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৩:৪০
Share:

ছবি: সংগৃহীত।

স্কুলে শুরু হওয়া নতুন বিষয়গুলি কী ভাবে পড়ুয়াদের কাছে তুলে ধরতে হবে, তা নিয়ে শিক্ষকদের বিশেষ কর্মশালা বা ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’-এর আয়োজন করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২৩, ২৫ এবং ২৭ মার্চ বিধাননগরের করুণাময়ীতে সংসদ কার্যালয়ে এই অনুষ্ঠান হবে।

Advertisement

সংসদের নব নিযুক্ত সভাপতি পার্থ কর্মকার শুক্রবার জানান, রাজ্যের যে সব স্কুলের পাঠ্যক্রমে ‘বিজ়নেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিসটিক্স’, ‘বেসিক অফ ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্সেস’, ‘ফিশারিজ় অ্যান্ড অ্যাকোয়া কালচার’ এবং পরিবেশবিজ্ঞান নতুন ভাবে চালু হয়েছে, সেখানকার সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের এই অনুষ্ঠানে ডাকা হয়েছে। তাঁরা বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারবেন। সংসদের কার্যালয় বিদ্যাসাগর ভবনে এই অনুষ্ঠানে থাকবেন রাজ্যের প্রায় ৪০০ শিক্ষক।

কিন্তু কেন এই অনুষ্ঠান?

Advertisement

সভাপতি জানান, যে সব স্কুলে নতুন ভাবে এই কোর্সগুলি শুরু হয়েছে, সেখানকার শিক্ষকদের সঙ্গে সরাসরি আলোচনার প্রয়োজন রয়েছে। এই অনুষ্ঠানগুলিতে বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। তাঁরা শিক্ষকদের ভাল ভাবে বোঝাতে পারবেন, কী ভাবে পড়ুয়াদের মধ্যে এই বিষয়ের প্রতি আকর্ষণ তৈরি করা যায়। যে হেতু বিষয়গুলি নতুন করে শুরু হচ্ছে তাই তার পাঠ্যক্রম এবং পড়ানোর পদ্ধতি সম্পর্কে তাঁদের অভিহিত করা হবে। শুধু তাই নয়, শিক্ষকদের যদি এই বিষয়ে কোনও প্রশ্ন থাকে তা হলে তাঁরাও তার মীমাংসা করতে পারবেন।

পার্থের কথায়, “আমরা চাইছি পড়ুয়াদের মধ্যে সব বিষয়ে যেন আগ্রহ থাকে। ইতিমধ্যেই যে সব নতুন বিষয় স্কুলে শুরু হচ্ছে সেগুলি নিয়েই এই অনুষ্ঠান হচ্ছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement