— প্রতিনিধিত্বমূলক চিত্র।
বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধি করতে চাইলে সুযোগ মিলতে পারে গরমের ছুটিতে। বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে আইআইটি কানপুর। আট সপ্তাহের একটি রিসার্চ ইন্টার্নশিপের মাধ্যমে সুস্থায়ী উন্নয়ন, পুনর্নবিকরণযোগ্য শক্তির ব্যবহার, কম্পিউটার ভিশন, ইমেজ জেনারেশন, ডিজ়াইনিং, কৃত্রিম মেধার প্রয়োগের মতো একাধিক বিষয়ে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হবে।
দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যে কোনও বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়ারা এই প্রশিক্ষণে যোগদান করতে পারবেন। আইআইটি, কানপুরের শিক্ষক এবং অধ্যাপকেরা তাঁদের গবেষণার কাজও শেখাবেন। প্রশিক্ষণ শেষে পড়ুয়াদের একটি রিপোর্ট জমা দিতে হবে এবং তা উপস্থাপন (প্রেজ়েন্টশন) করতে হবে।
এ ক্ষেত্রে পড়ুয়ারা কোন বিষয়টিতে দক্ষতা বৃদ্ধি করতে চাইছেন, এবং কোন শিক্ষক বা অধ্যাপকের অধীনে প্রশিক্ষণ নিতে চান— তা বেছে নেওয়ার সুযোগ থাকছে। ২০২৬-এর ১১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত প্রশিক্ষণটি চলবে। প্রশিক্ষণ চলাকালীন যোগদানকারীদের ১৬,০০০ টাকা ভাতা হিসাবে দেওয়া হবে। এ ছাড়াও সেরা রিপোর্ট এবং প্রেজেন্টেশনের জন্য পৃথক আর্থিক পুরস্কার থাকবে। এ জন্য আগ্রহীরা অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিতে পারবেন।
আবেদনের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। ২৩ মার্চ বাছাই করা প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। নাম নথিভুক্তিকরণের জন্য ফি হিসাবে ৭৫০ টাকা ধার্য করা হয়েছে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পঠনপাঠনের বিষয়ে জ্ঞান, বিষয়ভিত্তিক কাজে পূর্ব-অভিজ্ঞতার ভিত্তিতে প্রশিক্ষণের জন্য বাছাই করে নেবে আইআইটি, কানপুর। বাছাই করা প্রার্থীদের প্রতিষ্ঠানে থেকে প্রশিক্ষণ নিতে হবে।