ছবি: সংগৃহীত।
মেডিক্যাল স্নাতকোত্তরে ভর্তির যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা আয়োজিত হতে চলেছে ৩০ অগস্ট। পরীক্ষা শুরু হওয়ার আগে কতগুলি প্রশ্ন থাকছে, কতক্ষণ পরীক্ষা চলবে— সেই সম্পর্কে বিশদ তথ্য জানালেন ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) চেয়ারপার্সন অভিজিৎ শেঠ। পাশাপাশি, পরীক্ষার্থীদের জন্য তিনি বিশেষ পরামর্শও দিয়েছেন।
প্রশ্নের সংখ্যা কমানো হল
২০২৬-এর নিট পিজি-তে ২০০টির বদলে থাকছে ১৮০টি প্রশ্ন। এর আগে ২০০-টি প্রশ্নের উত্তর নির্ধারিত সময়ের মধ্যে লিখতে গিয়ে সমস্যায় পড়েছিলেন পরীক্ষার্থীরা। এনএমসি চেয়ারপার্সন জানিয়েছেন, বিগত দু’বছরের পরীক্ষার অডিট রিপোর্ট এবং পরীক্ষার্থীদের মতামত খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বদলাচ্ছে না পরীক্ষার সময়
প্রশ্নের সংখ্যা কমানো হলেও সাড়ে তিন ঘণ্টাই পরীক্ষা নেওয়া হবে। এনএমসি সূত্রে খবর, পরীক্ষার্থীরা যাতে প্রতিটি প্রশ্ন খুঁটিয়ে পড়ার পর সময় নিয়ে তার উত্তর লিখতে পারেন, সেই ভাবনা থেকে সময়সীমা পরিবর্তন করা হয়নি। এতে তাঁরা সহজেই সব প্রশ্নের উত্তর লেখার সুযোগ পাবেন।
কোন বিভাগে ক’টি প্রশ্ন?
এ বারের নিট পিজির প্রশ্নপত্রে পাঁচটি বিভাগ থাকবে। প্রতিটি বিভাগের অধীনে ৩৬টি করে প্রশ্ন থাকবে। ওই সব বিভাগের প্রশ্নের উত্তর লেখার জন্য ৪২ মিনিট করে মোট সাড়ে তিন ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। এ ক্ষেত্রে পরীক্ষার্থীদের একটি বিভাগের উত্তর লেখা শেষ করার পর অন্য বিভাগ বেছে নিতে হবে। এক বার পরবর্তী বিভাগের উত্তর লেখা শুরু করলে আগের অবস্থায় ফেরা যাবে না।
স্বচ্ছ এবং সুরক্ষিত ভাবে পরীক্ষা
নিট ইউজি-তে প্রশ্নফাঁস কেলেঙ্কারির জেরে মেডিক্যালে ভর্তি হওয়া নিয়ে সংশয়ে ভুগছেন বহু পরীক্ষার্থীই। নিট পিজি-র ক্ষেত্রে কোনও অনিয়ম ঘটবে না, তার আশ্বাস দিয়েছেন এনএমসি চেয়ারপার্সন। সংবাদসংস্থাকে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “পরীক্ষার্থীরা যেন কোনও গুজবে বিশ্বাস না করেন। তাঁদের কোনও এজেন্ট বা পরামর্শদাতাদের থেকে দুরত্ব বজায় রাখা উচিত। পরীক্ষা নিয়ে সংশয়ের কোনও সুযোগ নেই। স্বচ্ছতার সঙ্গে সুরক্ষিত ভাবে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে নিট পিজি হতে চলেছে।”
এ বার পরীক্ষায় আবেদনের জন্য পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের নিজস্ব ঠিকানার উপর ভিত্তি করে একটি নিজের রাজ্যের কেন্দ্র এবং দু’টি প্রতিবেশী রাজ্যের কেন্দ্র বেছে নিতে হবে। এ ক্ষেত্রে পরে নিজ রাজ্যের কেন্দ্র কিংবা নিজস্ব ঠিকানার তথ্য বদলানো যাবে না। ২১ জুলাই পর্যন্ত ন্যাশনাল বোর্ড অফ এগ্জ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস) ওয়েবসাইটে আবেদন গ্রহণ করা হবে।