ছবি: এক্স থেকে নেওয়া।
প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে রিল বানাচ্ছিলেন তরুণী। হিন্দি গানে তুমুল নাচছিলেন। এমন সময় পিছন থেকে ধেয়ে এল যাত্রীবোঝাই বাস। তবে সে দিকে হুঁশই ছিল না তরণীর। বৃষ্টির মধ্যে নাচ চালিয়ে গেলেন তিনি। তার পর? সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মুম্বইয়ের আরে মিল্ক কলোনির গাছপালা ঘেরা রাস্তার মাঝে দাঁড়িয়ে রিল বানাচ্ছেন এক তরুণী। প্রবল বৃষ্টির মধ্যে প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর ১৯৮৯ সালের সিনেমা ‘চালবাজ’-এর গান ‘পর্বত সে কালি ঘটা টকরাই’ গানের তালে নাচছেন ওই তরুণী। মুষলধারে বৃষ্টিতে নাচের সময় পেছন থেকে একটি বাসকে এগিয়ে আসতে দেখা যায় তাঁর দিকে। বাসটি খুব কাছে এসে থামার আগে পর্যন্ত বাসটির উপস্থিতি টেরই পাননি তরুণী। তবে বাসটি ঠিক সময়ে ব্রেক কষায় অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি। আশ্চর্যজনক বিষয় হল বাসটি থামতে দেখে ক্ষণিকের জন্য পেছন ফিরে তাকালেও রাস্তায় নাচ চালিয়ে যান তরুণী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রুবি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। নেটাগরিকদের একাংশ ভিডিয়োটি দেখে বিরক্তিও প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘রাস্তার মাঝখানে কখনওই রিল তৈরি করা উচিত নয়। সামান্য অসতর্কতাও কখনও কখনও বড় ধরনের বিপদের কারণ হতে পারে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সমাজমাধ্যমে কন্টেন্ট তৈরির নেশা যে কী বিপজ্জনক পর্যায়ে চলে গিয়েছে ভাবা যায় না। বাসটি থেমে যাওয়ার পরেও তরুণীর কোনও হুঁশ নেই।’’