Viral Video

ফোনের চার্জ শেষ! ভারতভ্রমণে আসা অসহায় মার্কিন তরুণীর দিকে এগিয়ে গেলেন ‘আঙ্কলজি’, তার পর... ভাইরাল ভিডিয়ো

বর্তমানে ভারতভ্রমণে থাকা ওই মার্কিন তরুণীর নাম সিয়েরা লিলিয়ান। ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। এতে তিনি তাঁর সেই অপ্রত্যাশিত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০৯:০৩
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

ভারতে ঘুরতে এসেছেন। আশপাশে কেউই পরিচিত নন। তার মধ্যেই ফোনের চার্জ শেষ। দিল্লিতে এক মার্কিন তরুণী যখন এ-হেন কঠিন ও উদ্বেগজনক পরিস্থিতির মুখোমুখি, তখন তাঁর দিকে এগিয়ে এলেন এক প্রৌঢ়। আর সেই ‘আঙ্কলজি’র সঙ্গে তাঁর যে অভিজ্ঞতা হল, তা তিনি কখনওই ভুলবেন না বলে জানিয়েছেন ওই বিদেশিনি। কী হয়েছিল? সেই ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

বর্তমানে ভারতভ্রমণে থাকা ওই মার্কিন তরুণীর নাম সিয়েরা লিলিয়ান। ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। এতে তিনি তাঁর সেই অপ্রত্যাশিত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। সেই স্থানীয় প্রৌঢ়ের কথাও জানিয়েছেন, যিনি তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন এমন এক সময়ে, যখন দিল্লিতে পথ চলার বা কোনও কিছু খুঁজে বার করার মতো কোনও উপায় তাঁর কাছে ছিল না। কারণ, তাঁর ফোনই বন্ধ হয়ে গিয়েছিল।

ভিডিয়োয় সিয়েরা জানান, তাঁর ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। ফলে তিনি অ্যাপ ক্যাব বুক করতে, রাস্তার ম্যাপ দেখতে বা কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। এর পর তিনি কী করবেন, কোথায় যাবেন, তা ভেবে চিন্তিত হয়ে পড়েন সিয়েরা। ঠিক তখনই স্থানীয় এক প্রৌঢ়, যাঁকে তিনি ভালবেসে ‘আঙ্কলজি’ বলে সম্বোধন করেছেন, তাঁর সাহায্যে এগিয়ে আসেন।

Advertisement

সিয়েরা জানিয়েছেন, প্রৌঢ় শুধু তাঁকে ফোন চার্জ করার ব্যবস্থাই করে দেননি। সেই কঠিন পরিস্থিতিতে প্রৌঢ় পুরোটা সময় তাঁর পাশে ছিলেন। তিনি দেখিয়েছেন, কী ভাবে ওই প্রৌঢ় তাঁকে নিজের বাড়িতে স্বাগত জানান এবং খেতে দিয়ে আপ্যায়ন করেন। নিজের গোয়ালের গরুর সঙ্গেও বিদেশিনির পরিচয় করিয়ে দেন প্রৌঢ়। গাছপালা দেখান এবং এমনকি মন্দিরেও নিয়ে যান। তিনি নিশ্চিত করেন যেন সিয়েরা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যবোধ করেন।

অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সিয়েরা বলেন, এই ঘটনাটি সংস্কৃত প্রবাদ ‘অতিথি দেবো ভব’-র প্রকৃত অর্থ তাঁর সামনে তুলে ধরেছে। তিনি ‘আঙ্কলজি’র উদারতা এবং নিঃস্বার্থ মনোভাবকে ভারতভ্রমণের সময় পাওয়া মানুষের আন্তরিকতার শ্রেষ্ট প্রতিফলন হিসাবে বর্ণনা করেছেন।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সিয়েরারই ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকে দিল্লির ওই প্রৌঢ়ের আতিথেয়তার ব্যাপক প্রশংসা করেছেন। অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, এই আচরণ ভারতীয় আতিথেয়তার নিদর্শন। আবার কেউ কেউ মন্তব্য করেছেন, এমন খাঁটি অতিথিপরায়ণ মনোভাব এখন ক্রমশ বিরল হয়ে উঠছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement