প্রতীকী চিত্র।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক শেষ আগামী ২৭ ফেব্রুয়ারি। তাঁর দু’দিন আগেই বুধবার, ২৫ ফেব্রুয়ারি অর্থনীতি বিষয়ের পরীক্ষা। কলা, বিজ্ঞান বা বাণিজ্য বিভাগের বহু পড়ুয়াই এই বিষয় নির্বাচন করে উচ্চ মাধ্যমিক স্তরে। এ বারের পরীক্ষার প্রশ্নের ধরন যে হেতু আলাদা, তাই প্রস্তুতিও আলাদা। কিন্তু শেষ মুহূর্তে কোন কোন বিষয় মাথায় রাখলে পরীক্ষায় অনেকটা ভাল ফল হতে পারে, তার উপায় বাতলে দিয়েছেন যোধপুর পার্ক গার্লস হাই স্কুলের বিষয় শিক্ষিকা মৌসুমী ঘোষ।
মৌসুমী বলেছেন, “তৃতীয় সেমেস্টারে প্রশ্ন ছিল এমসিকিউধর্মী। কিন্তু চতুর্থ সেমেস্টারে লিখতে হবে ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর। তাই ভাল নম্বর পাওয়ার জন্য সময়ের সঠিক ব্যবহার শেখা জরুরি।” শিক্ষিকা জানিয়েছেন, সময় ভাগ করে বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর লেখা বাড়িতেই ক্রমাগত অনুশীলন করতে হবে। সংসদের মডেল প্রশ্ন ভাল করে দেখে নিতে হবে। প্রয়োজনে বাড়িতেই নিজেদের সেই প্রশ্ন ধরে ‘মক টেস্ট’ও দিতে হবে। এতে পরীক্ষার সময় সমস্যা হবে না। অপ্রয়োজনীয় তথ্য দিয়ে উত্তর বড় করা উচিত নয়। উত্তর হতে হবে স্পষ্ট, তথ্যসমৃদ্ধ এবং পয়েন্টভিত্তিক। উত্তরে সঠিক শব্দের ব্যবহারও জরুরি। উত্তরপত্রে বিভাগ ও প্রশ্নের নম্বর সঠিক ভাবে লিখতে হবে। সব প্রশ্নের উত্তরের শেষে দাগ টেনে দিতে হবে। খাতা হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন।
পরীক্ষাকক্ষে গিয়ে কী করতে হবে, তা-ও জানিয়েছেন শিক্ষিকা। তাঁর মতে, এ বার ২ নম্বরের ছ’টি, ৪ নম্বরের চারটি এবং ৬ নম্বরের দু’টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাই প্রশ্নপত্র হাতে পেয়ে প্রতিটি প্রশ্ন দেখে চেনা এবং যাতে নম্বর বেশি উঠবে, এমন প্রশ্ন উত্তর লেখার জন্য নির্বাচন করে নিতে হবে। তার পর শুরু করতে হবে লেখা। জানা প্রশ্নের উত্তর লিখতে হবে আগে। তার পর লিখতে হবে অন্য প্রশ্নের উত্তর।
সময় বিভাজন নিয়ে সমস্যায় পড়লে কী করতে হবে, তা-ও জানিয়েছেন মৌসুমী। তাঁর মতে, প্রশ্ন পড়া ও নির্বাচনের জন্য রাখতে হবে ১৫ মিনিট। ২ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে ২০ মিনিটের মধ্যে। পরবর্তী ৪০ মিনিটে ৪ নম্বরের প্রশ্নের উত্তর এবং তার পরের ৩৫ মিনিটে ৬ নম্বরের প্রশ্নের উত্তর লিখে ফেলতে হবে। শেষ ১০ মিনিট হাতে রাখতে হবে খাতা রিভিশন করার জন্য। অনেকেই প্রশ্ন পড়া এবং রিভিশন করাকে সময়ের অপচয় মনে করে, তবে তা ঠিক নয়।
তিনি জানিয়েছেন, প্রশ্নপত্রে ইউনিট ৫ অংশটি নতুন। তাই এখান থেকে সব বিষয়ই ভাল ভাবে দেখে যেতে হবে। জোর দিতে হবে অন্তর্ভুক্তিমূলক প্রসার, স্থিতিশীল উন্নয়ন, সুস্থায়ী উন্নয়ন, নীতি আয়োগ-সহ অন্য বিষয়ে। এই অংশে দারিদ্র্য, বৈষম্য বিষয়গুলি বেশ সহজ। এগুলির উত্তর লিখতে পারলে ভাল।