Career after 12th

পণ্য পরিবহণ ব্যবস্থাপনও পেয়েছে শিল্পের তকমা! পড়াশোনার সুযোগ কেমন, কী ভাবে শুরু হবে কাজ?

সাপ্লাই চেন-এ লাভের অঙ্ক ১৯ হাজার কোটিরও বেশি বলে জানা গিয়েছে। তাই আগ্রহ বাড়ছে এ কাজে যোগদানের। তবে এ জন্য আগ্রহীদের সাপ্লাই চেন ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ০৮:৫৮
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

অনলাইন কেনাকাটায় অভ্যস্ত হয়ে উঠেছেন সাধারণ মানুষ। সামান্য সময়ে ই-কমার্স সংস্থাগুলি তাঁদের কাছে যে কোনও ধরনের পণ্য পৌঁছে দেয়। সেই পণ্য তৈরি করা থেকে শুরু তা গ্রাহকদের কাছে পাঠানো পর্যন্ত সবটাই সাপ্লাই চেন ম্যানেজমেন্ট-এর মাধ্যমে পরিচালনা করা হয়ে থাকে। পণ্য পরিবহন (লজিস্টিক্স) শিল্পের ক্ষেত্রে এই ব্যবস্থাপনা সঠিক ভাবে সম্পন্ন হওয়া বিশেষ প্রয়োজন।

Advertisement

প্রেস ইনফরমেশন ব্যুরোর রিপোর্ট সাম্প্রতিক রিপোর্ট বলছে, এই শিল্পে দেশের অর্থনীতিতে লাভের অঙ্ক ১৯ হাজার কোটিরও বেশি। তাই আগ্রহ বাড়ছে এ কাজে যোগদানের। তবে এ জন্য আগ্রহীদের সাপ্লাই চেন ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে হবে। ওই বিষয়ের মাধ্যমে কাঁচামাল সংগ্রহ করা থেকে শুরু করে পণ্য উৎপাদন হওয়ার পর তা গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা নিয়ে জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে।

দ্বাদশের পরই শুরু পড়াশোনা:

Advertisement

বিজ্ঞান, কলা, বাণিজ্য বিভাগে দ্বাদশ উত্তীর্ণেরা সাপ্লাই চেন ম্যানেজমেন্ট নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন। এ জন্য তাঁদের ব্যাচেলর অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কিংবা ব্যাচেলর অফ কমার্স (বিকম) ডিগ্রি কোর্সের অধীনে ওই বিষয়টি বেছে নিতে হবে। সাধারণত স্নাতক স্তরে কাঁচামাল সংগ্রহ, তা থেকে পণ্য উৎপাদন কী ভাবে করা যেতে পারে, সেই পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার পদ্ধতি সম্পর্কে শেখানো হয়ে থাকে।

উচ্চশিক্ষার সুযোগ:

Advertisement

আন্তর্জাতিক পণ্য পরিবহণের সঙ্গেই আঞ্চলিক স্তরে অনলাইনে বিপণনের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন এবং তা গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য কী ভাবে সময়োপযোগী পরিষেবা দেওয়া যেতে পারে, তা নিয়ে চর্চার সুযোগ রয়েছে উচ্চশিক্ষা ক্ষেত্রেও। সাপ্লাই চেন ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকে পড়াশোনার পর সাপ্লাই চেন অ্যানালিটিক্স নিয়ে স্নাতকোত্তর করার সুযোগ পাওয়া যায়।

স্নাতকোত্তর স্তরে পণ্য উৎপাদন এবং সরবরাহ সংক্রান্ত সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি, কোন সময়ে কেমন পণ্যের চাহিদা বৃদ্ধি পায় তার তথ্য বিশ্লেষণ, বিভিন্ন ক্ষেত্রের পরিষেবার ধরন সম্পর্কে ওয়াকিবহাল থাকা, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সিস্টেম নিয়ে কাজ করার কৌশল সম্পর্কিত বিষয় শেখানো হয়ে থাকে।

কোথায় পড়ার সুযোগ?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-এর (আইআইএম) তরফে উল্লিখিত বিষয়টি নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়ানো হয়ে থাকে। এ ছাড়াও ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ তামিলনাড়ু, কেরল ইউনিভার্সিটি অফ ফিশারিজ় অ্যান্ড ওশন স্টাডিজ় থেকেও সংশ্লিষ্ট বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ মিলবে।

পাশাপাশি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট (আইআইএসডব্লিউবিএম), কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা কোর্স হিসাবে ‘সাপ্লাই চেন অ্যান্ড লজিস্টিক্স ম্যানেজমেন্ট’ বিষয়টি পড়ার সুযোগ রয়েছে।

যাঁরা চাকরি করতে করতে এই বিষয়টি নিয়ে পড়াশোনা করতে চান, তাঁরা আইআইএম, কলকাতার এগ্‌জ়িকিউটিভ প্রোগ্রাম-ও করে নিতে পারবেন।

চাকরির খোঁজখবর:

বিভিন্ন লজিস্টিক্স পার্ক, ই-কমার্স সংস্থার অধীনে সাপ্লাই চেন ম্যানেজার, অপারেশন ম্যানেজার, সাপ্লাই চেন এগ্‌জ়িকিউটিভ, সাপ্লাই চেন অ্যানালিস্ট, ডিমান্ড প্ল্যানার-এর মতো একাধিক পদে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। শুরুতে বেতন হিসাবে বছরে তিন থেকে পাঁচ লক্ষ টাকা মিললেও পরে তা বেড়ে ২০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement