ছবি: এআই সহায়তায় প্রণীত।
জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন অ্যাডভান্সড-এর ফলাফলে নজর কাড়ল আইআইটি দিল্লি জ়োন। ১৭ মে-র পরীক্ষায় কমন র্যাঙ্ক লিস্ট-এ ওই জ়োন থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছেন শুভম কুমার (প্রাপ্ত নম্বর ৩৩০) এবং আরোহী দেশপাণ্ডে (প্রাপ্ত নম্বর ২৮০)। ১ জুন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), রুরকির তরফে পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে।
চলতি বছর পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ৭৯ হাজার ৬৯৪ জন, তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৬,৮৮০ জন। প্রথম দশের তালিকায় আইআইটি দিল্লি জ়োন থেকে ৫ জন, আইআইটি মাদ্রাজ থেকে ৩ জন এবং আইআইটি বোম্বে জ়োন থেকে ২ জন পরীক্ষার্থী স্থান অর্জন করেছেন।
১৭ মে দু’টি অর্ধে দু’টি পত্রের পরীক্ষা হয়েছিল। পরীক্ষার পূর্ণমান ছিল ৩৬০। তাতেই পুরুষদের মধ্যে শুভম এবং মহিলাদের মধ্যে আরোহী প্রথম হয়েছেন। পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত বিষয়ে পরীক্ষা দিতে হয়েছে পরীক্ষার্থীদের।
দেশের সাতটি আঞ্চলিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-এর মধ্যে যে কোনও একটি প্রতিষ্ঠানের উপর প্রতি বছর এই পরীক্ষার দায়িত্ব থাকে। দেশের বিভিন্ন আইআইটি এবং নামী ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় আইআইটি ভুবনেশ্বর জ়োন থেকে মোট ৫,৪২৮ জন উত্তীর্ণ হয়েছেন। ওই কেন্দ্র থেকে প্রথম ১০-এ যদিও কোনও প্রার্থীই জায়গা করে নিতে পারেননি।
পরীক্ষার্থীদের jeeadv.ac.in ওয়েবসাইট থেকে ফলাফল দেখে নিতে হবে। ওই ওয়েবসাইট-এ গিয়ে পরীক্ষার রোল নম্বর, জন্মতারিখ এবং মোবাইল নম্বরের তথ্য দিলে ফলাফলে পিডিএফ দেখতে পারবেন।