এনএসওইউ। ছবি: সংগৃহীত।
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে (এনএসওইউ) শুরু হয়েছে বিএড স্পেশ্যাল এডুকেশনের ভর্তি প্রক্রিয়া। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের তরফে। সম্প্রতি আরও একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই কোর্সে ভর্তির জন্য আবেদনের মেয়াদ বৃদ্ধি করেছে প্রতিষ্ঠান।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে এই কোর্সে ভর্তির জন্য পড়ুয়ারা আবেদন জানাতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের বিএড স্পেশ্যাল এডুকেশনের কোর্সটি দু’বছরের। পড়ানো হবে অনলাইন এবং দূরশিক্ষা মাধ্যমে (ওডিএল)। কোর্সটি নয়া দিল্লির রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (আরসিআই) দ্বারা স্বীকৃত। প্রতিবন্ধকতার যে বিষয়গুলিতে স্পেশ্যালাইজ়েশন করা যাবে, সেগুলি হল— ইন্টেলেকচুয়াল অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিজ়এবিলিটিস (আইডিডি), হিয়ারিং ইমপেয়ারমেন্ট (এইচআই) এবং ভিস্যুয়াল ইমপেয়ারমেন্ট (ভিআই)। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেন্টার এই কোর্স আয়োজনের দায়িত্বে থাকবে। সব মিলিয়ে শূন্য আসন ৪০০টি। কোর্স ফি ৪০,০০০ টাকা।
যোগ্যতা যাচাই
রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (আরসিআই) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন এডুকেশন ইন স্পেশ্যাল এডুকেশন (ডিএড) ডিগ্রি থাকতে হবে। সমাজবিজ্ঞান অথবা মনোবিদ্যা বিষয়ে ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। কোর্সে আবেদন জানানোর জন্য বাকি প্রয়োজনীয় যোগ্যতার বিষয়ে বিস্তারিত জানানো আছে মূল বিজ্ঞপ্তিতে।
কোথায় কোথায় ভর্তি?
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে প্রাথমিক বাছাইয়ের পর কাউন্সেলিয়ের মাধ্যমে কোর্সে ভর্তি নেওয়া হবে। যে যে স্টাডি সেন্টারে ভর্তি হওয়া যাবে, সেগুলি হল— প্রদীপ সেন্টার ফর অটিজম ম্যানেজমেন্ট, এনআইইপিআইডি রিজিওনাল সেন্টার, ডিএন মণ্ডল কলেজ, এওয়াইজেএনআইএসএইচডি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড অ্যাকাডেমি এবং কল্যাণীর এনএসওইউ স্টাডি সেন্টার।
আবেদন করবেন কী ভাবে?
আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া সমস্ত তথ্য এবং নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ দিতে হবে ৫০০ টাকাও। বর্ধিত সময় অনুযায়ী আবেদনের শেষ দিন ৩০ জুন। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।