NEET UG Re-Exam 2026

প্রশ্নফাঁসের পর নিট পুনঃপরীক্ষা! পোশাক বিধি, বায়োমেট্রিকের কড়া নিগড়ে পরীক্ষার্থীরা

২১ জুন দেশের ৫৫১ টি এবং বিদেশের ১৪টি শহরে মেডিক্যালের স্নাতকে ভর্তির যোগ্যতা নির্ণায়ক ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রানস্ টেস্ট (নিট) হতে চলেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ০৮:৫১
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রবিবার মেডিক্যালের স্নাতকে ভর্তির যোগ্যতা নির্ণায়ক ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রানস্ টেস্ট (নিট) ফের হবে। পরীক্ষার্থীর সংখ্যা ২২ লক্ষ ৭৯ হাজার। এই পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সতর্ক ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পরীক্ষার্থীদের কী কী নিয়ম মানতে হবে, তার বিশদ তালিকা দেওয়া হল।

Advertisement

পরীক্ষা কেন্দ্রে কখন পৌঁছাতে হবে?

২১ জুন দুপুর ২টো থেকে পরীক্ষা শুরু হতে চলেছে। পুনঃপরীক্ষায় সময়সীমা ১৫ মিনিট বৃদ্ধি করা হয়েছে। তাই পরীক্ষা শেষ হবে চলবে ৫টা ১৫ নাগাদ। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে বেলা ১১টা থেকে দুপুর দেড়টার মধ্যে। ওই সময়ের পর আর কোনও পরীক্ষার্থীকে ঢুকতে দেওয়া হবে না।

Advertisement

তাই পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে দেওয়া পরীক্ষাকেন্দ্রের ঠিকানা আগেই দেখে নিতে হবে ভাল করে। তাঁদের অন্তত দেড় ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। এতে বায়োমেট্রিক ভেরিফিকেশন দ্রুত করে নেওয়া সম্ভব।

বায়োমেট্রিক তথ্য যাচাইকরণ

প্রতিটি কেন্দ্রে বায়োমেট্রিক ভেরিফিকেশনের ব্যবস্থা থাকবে। কোনও পরীক্ষার্থীর আধার কার্ডের তথ্য যাচাই না করে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। তবে বায়োমেট্রিক তথ্য যাচাই করতে গিয়ে যান্ত্রিক ত্রুটি হলে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে দেওয়া হবে।

যান্ত্রিক ত্রুটি হলে পরীক্ষার্থীর করণীয়

বায়োমেট্রিক তথ্য যাচাইকরণে সমস্যা হলে ঘটনার ব্যাখ্যা দিয়ে একটি চিঠি পরীক্ষাকেন্দ্রে জমা দিতে হবে পরীক্ষার্থীদের। কী ভাবে তা লিখতে হবে, সেই বিষয়ে পরীক্ষাকেন্দ্রের আধিকারিকরা সাহায্য করে দেবেন। এ সংক্রান্ত বিষয়ে কোনও সমস্যা হলে পরীক্ষা শুরু হওয়ার পর এবং শেষ হওয়া পর্যন্ত পরীক্ষার্থীদের কোনও ভাবেই বিরক্ত করা যাবে না। পরীক্ষা শেষ হওয়ার আধিকারিকেরা এই বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলতে পারবেন।

সঙ্গে কী কী রাখা যাবে?

  • অ্যাডমিট কার্ড এবং বৈধ পরিচয়পত্র (আধার কার্ড, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট অথবা সরকার থেকে দেওয়া ছবি-সহ কোনও পরিচয়পত্র) নিয়ে পরীক্ষা দিতে আসতে হবে।
  • পরীক্ষার্থীদের স্বচ্ছ জলের বোতল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে।
  • পরীক্ষার্থী ডায়াবেটিক হলে, তিনি ফল এবং ওষুধ নিয়ে পরীক্ষার হলে যেতে পারবেন।

পোশাক বিধি

পরীক্ষার্থীদের হালকা পোশাক পরতে হবে। এ ক্ষেত্রে কেউ উলের পোশাক কিংবা ফুলহাতা জামাও পরতে পারেন। কিন্তু এমন কোনও পোশাক পরা যাবে না, যার জন্য দেহতল্লাশি করতে সমস্যা হতে পারে। উচ্চতায় কম হিল কিংবা চপ্পল ছাড়া অন্য কোনও জুতো পরে পরীক্ষাকেন্দ্রে আসা যাবে না।

যে সব সামগ্রী সঙ্গে রাখা যাবে না

  • মোবাইল, ল্যাপটপ, ট্যাব, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইসের মতো বৈদ্যুতিন যন্ত্র সঙ্গে রাখা যাবে না।
  • এ ছাড়াও ক্যালকুলেটর, ওয়ালেট, গয়না কিংবা ধাতব সামগ্রী নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না।
  • আলাদা করে কোনও খাদ্যবস্তু সঙ্গে রাখা যাবে না।

প্রশ্নপত্র কেমন হতে পারে?

নিট-এর পূর্ণমান ৭২০ নম্বর। তাতে প্রশ্ন থাকবে ১৮০টি। এর মধ্যে ৪৫টি করে প্রশ্ন পদার্থবিদ্যা ও রসায়নের থাকতে পারে। জীববিদ্যার থেকে ৯০টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য ৪ নম্বর ও ভুল লিখলে এক নম্বর বাদ যাবে। পরীক্ষাশেষে বুকলেট সঙ্গে নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা।

পরীক্ষা ব্যবস্থা পরিচালনায় মোতায়েন করা হবে প্রায় ২ লক্ষ কর্মী, আধিকারিকদের। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে মোট ৬,৬৬৯ অবজ়ার্ভার থাকবেন। এ ছাড়াও ৬৭৪ জন সিটি কো-অর্ডিনেটরের উপর শহরাঞ্চলের পরীক্ষাকেন্দ্রে নজরদারির দায়িত্ব দেওয়া হচ্ছে। সিসি ক্যামেরার সাহায্যে পরীক্ষার হলে সরাসরি নজর রাখবেন আধিকারিকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement