PM Modi Inaugurates Fighter Ships

ভবিষ্যতের কথা ভেবে শক্তি বাড়াচ্ছে ভারত! গার্ডেনরিচে দেশীয় প্রযুক্তির তিন যুদ্ধজাহাজ উদ্বোধনের পর বললেন মোদী

আন্তর্জাতিক যোগ দিবসে তিন যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সেগুলি হল আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্র এবং আইএনএস সংশোধক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ০৯:৫৯
Share:

তিন রণকরী উদ্বোধনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক যোগ দিবসে রেড রোডে যোগাভ্যাসের কর্মসূচি সেরে গার্ডেনরিচে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন তিনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে এই তিন যুদ্ধজাহাজ নৌসেনার হাতে আনুষ্ঠানিক তুলে দেওয়া হল। যদিও মার্চেই এই তিন যুদ্ধজাহাজ নৌসেনার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। শুধু আনুষ্ঠানিক ভাবে এই রণতরীগুলিকে নৌসেনার হাতে তুলে দেওয়া বাকি ছিল। আন্তর্জাতিক যোগ দিবসে নৌসেনার হাতে সেই তিন রণতরী তুলে দিলেন প্রধানমন্ত্রী।

Advertisement

যে তিন যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেগুলি হল আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক। আইএনএস দুনাগিরি—অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তিসম্পন্ন ফাইটার ফ্রিগেট, যা রেডারকে ফাঁকি দিয়ে শত্রুর উপর নিখুঁত আঘাত হানতে পারে। আইএনএস সংশোধক—সমুদ্রের অতল গভীরে নিখুঁত নজরদারি চালাতে সক্ষম বিশালাকার সার্ভে ভেসেল বা লার্জ সার্ভে জাহাজ। আইএনএস অগ্রয়— সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ যা সমুদ্রের নিচে লুকিয়ে থাকা শত্রুর ডুবোজাহাজ নিমেষেই ধ্বংস করতে পারে।

গার্ডেনরিচ শিপবিল্ডার্সে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ৩টি সর্বাধুনিক যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন হল রবিবার। এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। এ ছাড়াও নৌ এবং বায়ুসেনার আধিকারিকেরাও উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে।

Advertisement

আইএনএস দুনাগিরি। ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘আজ গোটা বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবস পালন করছে। এই দিনে পশ্চিমবঙ্গের মহান ভূমিতে আসার সুযোগ মিলেছে। এই ভূমি ভারতকে নতুন দিশা দিয়েছে। পুনর্জাগরণের পথ দেখিয়েছে। সমুদ্রপথে গোটা বিশ্বকে জুড়েছে বাংলা। ’’ তিনি আরও বলেন, ‘‘নৌশক্তি ছাড়া দেশের শক্তিবৃদ্ধি অসম্ভব। আত্মনির্ভর ভারতের নৌসেনার শক্তি। আইএনএস দুনাগিরি নৌসেনার শক্তি বাড়াবে। ’’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘ভবিষ্যতের কথা ভেবে শক্তি বাড়াচ্ছে ভারত। দেশ যে দিন নির্মাতা হবে, সে দিন নির্ণায়ক হবে।’’ তাঁর কথায়, ‘‘ভারত সমুদ্রশক্তির এক নতুন দিশায় যাচ্ছে। আগামী দিনে আরও শক্তি বাড়ানো হবে। আমাদের শক্তির পরিচয় আত্মনির্ভর।’’ সমুদ্রক্ষেত্রে বিনিয়োগের উপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান মোদী। তিনি বলেন, ‘‘একটা সময় ভারত প্রচুর অস্ত্র আমদানি করত। কিন্তু এখন আত্মনির্ভরতা বেড়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।’’


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement