গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
নিট পুনঃপরীক্ষায় প্রশ্নফাঁসের ভুয়ো ভিডিয়ো নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এ বার টেলিগ্রাম অ্যাপের পরিষেবা বন্ধের সিদ্ধান্ত যথার্থ বলেই দাবি করলেন এনটিএ অধিকর্তা অভিষেক সিংহ।
পুনঃপরীক্ষায় কারচুপি এবং ভুয়ো পরীক্ষার্থী সেজে পরীক্ষা দিতে আসার অভিযোগ বিহার থেকে মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে, ঘটেনি প্রশ্নফাঁসের মতো ঘটনা। এর প্রেক্ষিতেই অভিষেক বলেন, “২১ জুনের পরীক্ষায় ভুয়ো তথ্য প্রচারের চেষ্টা চলেছে। কিন্তু প্রশ্নফাঁস হয়নি। এতে প্রমাণিত, আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম।”
কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে ১৬ জুন জানানো হয়, সংশ্লিষ্ট অ্যাপের পরিষেবা ২২ জুন পর্যন্ত বন্ধ থাকবে। তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারা অনুযায়ী, এই সিদ্ধান্ত। পাশাপাশি, ৩০ জুন পর্যন্ত ওই অ্যাপের ম্যাসেজ ‘এডিট’ করার বিকল্পটিও বিকল করার নির্দেশিকা জারি করা হয়েছিল।
২১ জুনের পুনঃপরীক্ষা দিয়েছিলেন ২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। দেশের ৫,৪৪১টি কেন্দ্রে পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। জানা গিয়েছে, ‘আনসার কি’ ২৮ জুনের মধ্যে প্রকাশিত হতে পারে। এনটিএ-এর ওয়েবসাইট মারফত প্রশ্নের উত্তর জানতে পারবেন পরীক্ষার্থীরা। উত্তর নিয়ে কোনও সমস্যা থাকলে, তা নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আপত্তি জানানোর সুযোগ পাবেন তাঁরা। এর পর দ্রুত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।