West Bengal Teachers Protest

ভাতা বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে মিছিল পার্শ্ব শিক্ষকদের, অবস্থান বিক্ষোভে অসুস্থ এক শিক্ষিকা

২০০৯ সালে মুখ্যমন্ত্রী তাদের আন্দোলনের মঞ্চে এসে স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০১১-এ মন্ত্রিসভার বৈঠকে ধাপে ধাপে স্থায়ীকরণের সিদ্ধান্ত হয়েছিল। তার পর ১৫ বছর কেটে গিয়েছে, কোনও সুরাহা হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৭:৪৫
Share:

নিজস্ব চিত্র।

স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে রাজপথে মিছিল রাজ্যের পার্শ্বশিক্ষকদের। বৃহস্পতিবার কালীঘাট অভিযানের ডাক দেয় শিক্ষক ঐক্য মঞ্চ। শিয়ালদহ থেকে এই মিছিল কলেজ স্ট্রিট আসার পরই পুলিশ আটকে দেয় বিক্ষোভকারীদের। ফলে সেখানেই শুরু হয় পথ অবরোধ ও অবস্থান বিক্ষোভ।

Advertisement

পার্শ্ব শিক্ষকদের দাবি, ২০০৯ সালে মুখ্যমন্ত্রী তাদের আন্দোলনের মঞ্চে এসে স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০১১-এ মন্ত্রিসভার বৈঠকে ধাপে ধাপে স্থায়ীকরণের সিদ্ধান্ত হয়েছিল। তার পর ১৫ বছর কেটে গিয়েছে, কোনও সুরাহা হয়নি। পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের সভাপতি ভগীরথ ঘোষ বলেন, “চলতি মাসের বেতন এখনও পাননি পার্শ্বশিক্ষকেরা। এ দিকে রমজান মাস চলছে। ফলে অনেকেই অসুবিধায় পড়েছেন।” তাঁর দাবি, গত আট বছরে তাঁদের বেতন বাড়েনি। চলতি বছর বাজেটে মাত্র এক হাজার টাকা ভাতা ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে পার্শ্বশিক্ষকেরা আদালতের নির্দেশে বিকাশ ভবনের সামনে অবস্থান চালাচ্ছেন। বৃহস্পতিবার তা ষষ্ঠ দিনে পড়েছে। এ দিনের মিছিলে অসুস্থ হয়ে পড়েন এক পার্শ্বশিক্ষিকা। আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা জানাচ্ছেন, সম্প্রতি রাজ্যের অন্তর্বর্তী বাজেটে যে ভাতার কথা ঘোষণা করা হয়েছে তা তাঁরা নেবেন না।

Advertisement

২০২৪-এর ১ মার্চ শিক্ষা দফতরের তরফে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি প্রস্তাব গিয়েছিল নবান্নে। সেখানে প্রাথমিকে ২৮ হাজার টাকা, উচ্চ প্রাথমিকে ৩২ হাজার টাকা বেতন ধার্য করা হয়েছিল। কিন্তু তা এখন‌ও ঠান্ডাঘরে। পার্শ্বশিক্ষকেরা প্রভিডেন্ট ফান্ড, চাকরিরত অবস্থায় মৃত্যু হলে আর্থিক সাহায্য ও পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার ব্যবস্থা-সহ বেশ কিছু দাবি তুলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement