প্রতীকী ছবি।
বেশ কয়েক বছর ধরে বিদেশি ভাষা শেখার প্রতি আগ্রহও বাড়ছে পড়ুয়াদের। একই সঙ্গে বাড়ছে কাজের পরিধিও। অনেকেই ভিন্ দেশের ভাষা শিখে অনুবাদক অথবা অন্য কোনও চাকরি নিয়ে পাড়ি দিচ্ছেন বিদেশে। ভাষা শিক্ষার সুযোগ দিচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। স্কুল অফ ল্যাঙ্গোয়েজেস অ্যান্ড কালচার বিভাগের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েরসাইটে।
আরবি, চিনা, ইংরেজি, ফরাসি, জার্মান, হিন্দি, ইটালিয়, জাপানিজ়, রাশিয়ান, সংস্কৃত, সাঁওতালি, স্প্যানিশ, তিব্বতি এবং উর্দুর পাশাপাশি শেখা যাবে ব্যবহারিক বাংলাও। ইংরেজি এবং বিদেশি ভাষার ক্ষেত্রে ভারতের নাগরিকের জন্য চার হাজার টাকা কোর্স ফি। ভারতীয় ভাষা শিখতে গেলে খরচ তিন হাজার টাকা। সাঁওতালি, ইংরেজি, ব্যবহারিক বাংলার জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। বাকি ভাষার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
আবেদন করবেন কী ভাবে?
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে ভর্তির আবেদনপত্র জমা দেওয়া যাবে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায়। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।