CBSE Revaluation 2026

এক ধাক্কায় ১০০ শতাংশ নম্বর বৃদ্ধি! দ্বাদশের পুনর্মূল্যায়নের পর ৫০০-এ ৫০০ পেলেন বাণিজ্যের অবনী

সিবিএসই-র দ্বাদশে পরীক্ষার ফল অনুযায়ী রাঁচীর বাসিন্দা অবনী কেজরিওয়াল পেয়েছিলেন ৯৫.২ শতাংশ। আরও নম্বর পেতে পারেন, সেই আশায় পুনর্মূল্যায়নের আবেদন জানিয়েছিলেন বাণিজ্য বিভাগের ওই পড়ুয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১২:২৫
Share:

ছবি: সংগৃহীত।

সিবিএসই-র দ্বাদশের পুনর্মূল্যায়নে নম্বর না পাওয়ার একাধিক অভিযোগ করেছেন পড়ুয়ারা। এরই মাঝে ব্যতিক্রম বাণিজ্য বিভাগের এক ছাত্রী। পুনর্মূল্যায়নের পর তাঁর প্রাপ্ত নম্বর বেড়ে হয়েছে ১০০ শতাংশ।

Advertisement

রাঁচীর দিল্লি পাবলিক স্কুলের বাণিজ্য বিভাগের ছাত্রী অবনী কেজরিওয়াল ৫০০-এ ৫০০ পেয়েছেন। পুনর্মূল্যায়নের আগে দ্বাদশের পরীক্ষায় তিনি ৯৫.২ শতাংশ নম্বর পেয়েছিলেন। অবনীর মনে হয়েছিল, তিনি আরও নম্বর পেতে পারেন। সংবাদমাধ্যমকে ওই ছাত্রী জানিয়েছেন, ইংরেজি ভাষা ও সাহিত্যে আরও ১৯ নম্বর তিনি পেতে পারতেন। এ ছাড়াও বিজ়নেস স্টাডিজ় বিষয়ে পাঁচ নম্বর বাদ পড়েছিল।

ফলাফল নিয়ে সংশয় থাকায় পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন অবনী। ২১ জুন তিনি জানতে পারেন, মোট ২৪ নম্বর বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে অবনী উদ্যোগপতি হতে চান। তিনি বিজ়নেস ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকে পড়াশোনা করবেন। তাই চলতি বছরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশনও (কুয়েট) দিয়েছেন অবনী।

Advertisement

সংবাদমাধ্যমের কাছে পরীক্ষার্থীর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্কুলের প্রিন্সিপল জয়া চৌহান। তিনি বলেন, “ওর এই সাফল্য বহু ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে।” পুনর্মূল্যায়নের ক্ষেত্রে নম্বর কমে যাওয়া বা ফলাফলে কোনও পরিবর্তন না হওয়ার বিষয়ে একাধিক অভিযোগ করেছেন পড়ুয়ারা। তাঁদের মধ্যেই ব্যতিক্রমী অবনী। পুনর্মূল্যায়নের কারণেই তাঁর প্রাপ্ত নম্বর বৃদ্ধি পেয়েছে। তাই এই সুযোগ পেয়ে খুশি রাঁচীর অবনী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement