— প্রতীকী চিত্র।
১৫ বছর পর পশ্চিমবঙ্গে বদলাতে চলেছে শাসকশিবির। গত দু’দিনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তৃণমূল সরকার মনোনীত পদাধিকারীদের অবস্থান। শিক্ষামহলের বেশ কিছু আধিকারিক কী করবেন তা নিয়ে উৎসাহ ছিল নানা মহলে। এর মধ্যেই বুধবার দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়রম্যানের পদ থেকে ইস্তফা দিলেন অজিত নায়েক।
নৈতিক কারণ দেখিয়েই অব্যাহতি চাইলেন তিনি। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদটি মনোনয়নের ভিত্তিতে নির্ধারিত। সরকারের পছন্দের ব্যক্তিকেই এখানে বসানো হয়। অজিত নায়েক মগরাহাট স্কুলের সহ-প্রধান শিক্ষক। ২০২১-এ তাঁকে দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদে বসানো হয়। কিন্তু সরকার বদলাতেই হতেই তিনি পদত্যাগ করলেন।
বুধবার অজিত বলেন, ‘‘সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই নৈতিক ভাবে আমার সরে যাওয়া উচিত বলে মনে হয়েছে। তাই সরে এলাম। যতদিন ছিলাম আমার সেরাটুকু দিয়ে কাজ করেছি।’’ এ দিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, গতকাল থেকেই এই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়। বিজেপি সরকার গঠনের পরে আদৌ কারা এই দায়িত্ব সামলাবেন সেটা নিয়েই আলোচনা চলছে। তার মধ্যেই অজিতের পদত্যাগ নতুন করে ভাবাচ্ছে।
আর এক জেলার চেয়ারম্যান বলেন, ‘‘সরকারের শিক্ষা দফতর আমাদের নিয়োগ করেছে। ফলে যদি বিজেপি সরকার মনে করে সরিয়ে দেবে তখন সেটাই হবে। এ নিয়ে অযথা জল্পনা বৃথা।’’ শিক্ষক নেতা স্বপন মণ্ডল অবশ্য বলেন, ‘‘নৈতিকতার দিক থেকে সরে যাওয়াই ভাল। তবে এটা একান্তই চেয়রম্যানদের নিজস্ব বিষয়।’’