Student Train Pass

স্কুলপড়ুয়াদের জন্য রেলের বিশেষ ছাড়! অপব্যবহার এড়াতে নয়া নির্দেশিকা স্কুল শিক্ষা দফতরের

শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যাতে নিয়ম মেনে এবং আইনি ভাবে সরকারি ছাড়ের সুবিধা পায়, তা নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ২০:৩৩
Share:

ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে রেল কনসেশন বা পাসের সুবিধা। কিন্তু তার অপব্যবহারের অভিযোগও কম নয়। এ বার সে ক্ষেত্রে কড়া পদক্ষেপ করল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। বৃহস্পতিবার এই মর্মে স্কুল শিক্ষা দফতর থেকে সকল স্কুল জেলা পরিদর্শককে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে।

Advertisement

জানানো হয়েছে, সম্প্রতি পূর্ব রেলের পক্ষ থেকে স্কুলশিক্ষা দফতরকে একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যাতে নিয়ম মেনে এবং আইনি ভাবে অফিশিয়াল স্টুডেন্ট কনসেশন বা বিশেষ ছাড়ের সুবিধা পায়, তা নিশ্চিত করতে হবে। বলা হয়েছে, অনেক সময়ই সঠিক তথ্যের অভাবে সাধারণ পড়ুয়ারা এই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়। তাই স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে এই ছাড়ের বিষয়টি ভাল ভাবে যেন প্রচার করা হয়।

তবে এই সুবিধার পাশাপাশি সতর্কবার্তাও দেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে—

Advertisement

১) স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে যেন ছাত্রছাত্রীরাই শুধুমাত্র বৈধ রেল টিকিট বা পাস নিয়েই ট্রেনে যাতায়াত করে।

২) ট্রেনে যাতায়াতের সময় পড়ুয়াদের স্কুলের তরফে দেওয়া সঠিক পরিচয়পত্র গলা ঝুলিয়ে রাখতে হবে। পাসের কোনও রকম অপব্যবহার যাতে না হয়, সে জন্য স্কুলগুলিকে উপযুক্ত সচেতনতামূলক ব্যবস্থা করতে হবে।

স্কুল শিক্ষা দফতরের নির্দেশ পাওয়ার পরই, জেলা স্তরে এই বার্তা সমস্ত স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলেই জানা গিয়েছে। উত্তরবঙ্গের এক জেলা স্কুল পরিদর্শক জানানা, ইতিমধ্যেই চিঠি এসে পৌঁছেছে। ট্রেনের যাত্রাকে নিরাপদ এবং পড়ুয়াদের সুবিধার্থেই এমন পদক্ষেপ করা হয়েছে। তাই পড়ুয়া ও অভিভাবকদের সচেতন করতে দ্রুত এই বিষয়ে প্রচার শুরু করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement